তৃতীয় সপ্তাহের মতো ফিউচার মার্কেটে অব্যাহত রয়েছে আকরিক লোহার মূল্যবৃদ্ধি। ধাতুটির শীর্ষ ব্যবহারকারী চীনের আবাসন খাতে ইস্পাতের চাহিদা বাড়ায় ও বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় ধাতুটির দাম দুই বছরের সর্বোচ্চে উঠেছে। খবর রয়টার্স।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে বাণিজ্যিক লেনদেনের শীর্ষে থাকা আকরিক লোহার মূল্য গতকাল ১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৯৫১ দশমিক ৫০ ইউয়ান বা ১৩০ ডলার ৫০ সেন্ট। ২০২১ সালের আগস্টের পর এটিই ধাতুটির সর্বোচ্চ দাম।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালটির দাম ডিসেম্বর বেঞ্চমার্কে বেড়েছে দশমিক ৭৮ শতাংশ। টনপ্রতি মূল্য উঠেছে ১২৬ ডলার ১৫ সেন্টে, যা গত মার্চের পর সর্বোচ্চ দর।
ব্রোকারেজ এফআইএসের বিশ্লেষক পেই হাও বলেছেন, সামনে সুদহার কমার সম্ভাবনায় বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়াচ্ছে। বিনিয়োগকারীরাও আবাসন খাতের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় আকরিক লোহার দাম বেড়েছে।
আকরিক লোহার দাম বাড়ার সঙ্গে সঙ্গে খাতসংশ্লিষ্ট অন্যান্য উপাদানের বাজারেও ঊর্ধ্বমুখী হয়েছে। ডিসিইতে তাপীয় কয়লা ও পোড়া কয়লার দাম বেড়েছে যথাক্রমে ২ দশমিক ২৭ ও ২ দশমিক ৫৮ শতাংশ। এদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে ইস্পাতের দামও বেড়েছে। রেবার বেড়েছে দশমিক ৫২ শতাংশ, হট রোল্ড কয়েল দশমিক ৮৬, ওয়্যার রড দশমিক ৫৭ ও স্টেইনলেস ইস্পাতের দাম বেড়েছে দশমিক ৩৮ শতাংশ।










