নতুন বছর থেকে রাশিয়ার হীরা ও হীরার গহনা আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রাশিয়ার আর্থিক সক্ষমতা কমিয়ে আনতে নতুন করে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে কমিশন। খবর রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গতকাল এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এতে রাশিয়াসহ দেশটির বাইরে ভারতের মতো তৃতীয় কোনো দেশে কাটা ও পলিশ করা রুশ হীরার আমদানি, ক্রয় ও স্থানান্তরকেও নিষিদ্ধ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে প্রাকৃতিক ও সিনথেটিক উভয় ধরনের রাশিয়ান হীরা এবং হীরার গহনার ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আর তৃতীয় দেশে প্রক্রিয়াকরণ করা রাশিয়ান হীরার আমদানি নিষেধাজ্ঞা ১ মার্চ থেকে কার্যকর করা হবে এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে।

এদিকে জাতিসংঘের হীরার বাজারবিষয়ক সংস্থা কিম্বারলি প্রসেসের তথ্য বলছে, বৈশ্বিক উত্তোলনের এক-তৃতীয়াংশ হীরার উত্তোলক রাশিয়া। গত বছর শীর্ষ হীরা উত্তোলনকারী হিসেবেও স্থান করে নিয়েছিল দেশটি।

আন্তর্জাতিক সংগঠনটির হিসাবমতে, ২০২২ সালে বিশ্বে মোট হীরা উত্তোলনের পরিমাণ ছিল ১১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ক্যারেট। এর মধ্যে ৪ কোটি ১৯ লাখ ক্যারেট এসেছে রাশিয়া থেকে, যা মোট উত্তোলনের ৩৫ শতাংশ। ২০০৪ সাল থেকে কিম্বারলি প্রসেস হীরাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে আসছে। সংস্থাটির এ-যাবৎকালের রেকর্ডে থাকা তথ্য বলছে, এর আগে কখনই রাশিয়ার হীরা উত্তোলনের পরিমাণ মোট বৈশ্বিক উত্তোলনের ৩২ শতাংশের বেশি ছিল না।