রাশিয়ার বেশির ভাগ প্রধান শস্য উপাদনকারী অঞ্চলে বিরাজ করছে প্রতিকূল আবহাওয়া। তা সত্ত্বেও দেশটি চলতি বছরের জন্য শস্য উৎপাদনের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। সম্প্রতি এক শিল্প সভায় এ তথ্য জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও কৃষি খাতের তত্ত্বাবধানকারী দিমিত্রি পাত্রুশেভ। খবর হেলেনিক শিপিং নিউজ।
দিমিত্রি পাত্রুশেভ বলেন, ‘চলতি বছর অত্যন্ত চ্যালেঞ্জিং জলবায়ু পরিস্থিতি সত্ত্বেও দেশে ১৩ কোটি ২০ লাখ টন শস্য উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও চলতি বছর রাশিয়ায় একই পরিমাণ শস্য উৎপাদন হতে পারে বলে অনুমান করা হয়েছিল।’
তিনি আরো জানান, রাশিয়ার ৫৫টি অঞ্চলে কৃষক নতুন ফসল কাটা শুরু করেছেন। ফসল কাটার গতি গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে।
উল্লেখ্য, বসন্তের শুরুর দিকে অতিরিক্ত ঠাণ্ডা, বন্যা ও গ্রীষ্মকালীন তাপমাত্রার মতো চরম আবহাওয়া থাকায় বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়ার কিছু প্রধান শস্য উৎপাদনকারী এলাকায় চলতি বছর ফসল কাটার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। যদিও এর আগে দেশটির কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, ফসলের অগ্রগতির ওপর নির্ভর করে বর্তমান পূর্বাভাস সংশোধন করা যেতে পারে।
রাশিয়ায় ২০২২ সালে রেকর্ড ১৫ কোটি ৮০ লাখ টন ও গত বছর ১৪ কোটি ৫০ লাখ টন শস্য উৎপাদন হয়েছিল।










