গৃহঋণকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ১৯৯৬ সালে যাত্রা করার পর প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি পরিবারকে গৃহায়ণ অর্থায়ন করেছে। ডিবিএইচের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

তিন দশকের পথচলায় গ্রাহককেন্দ্রিক সেবা, ঋণ ব্যবস্থাপনা ও সেবার মানের ওপর গুরুত্ব দিয়ে গৃহায়ণ অর্থায়নে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের আমাদের ওপর দীর্ঘদিনের আস্থার উদযাপন।’

তিনি আরো বলেন, ‘ডিবিএইচের দীর্ঘ পথচলা আরো বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানা সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছে। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।’

ডিবিএইচ জানিয়েছে, দীর্ঘ পথচলায় আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি। টানা ২১ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে ডিবিএইচ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ অতিক্রম করেনি।

বর্তমানে দেশে ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামী উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা দিচ্ছে ডিবিএইচ। ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি আরো বেশি মানুষের কাছে গৃহায়ণ অর্থায়নের সুযোগ পৌঁছে দেয়া এবং পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।