কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই), তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো খাতে স্বল্প সুদে অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি। এসব অংশীদারত্বের আওতায় যোগ্য ঋণগ্রহীতারা সিএমএসএমইতে বার্ষিক ৯ শতাংশ, পরিবেশবান্ধব শিল্প অবকাঠামোয় ৫ শতাংশ ও আইসিটি খাতে ৪ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন। অ্যালায়েন্স ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। শ্রীলংকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিগুলো স্বাক্ষর করে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যোগ্য ঋণগ্রহীতারা ৯ শতাংশ বার্ষিক সুদে অর্থায়ন সুবিধা পাবেন। অন্যদিকে পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো ও আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যথাক্রমে ৫ ও ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।

অ্যালায়েন্স ফাইন্যান্স বলছে, চুক্তিগুলোর মাধ্যমে সিএমএসএমই, আইসিটি ও পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো খাতে তুলনামূলক সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে। ফলে সংশ্লিষ্ট খাতগুলোর টেকসই বিকাশে অর্থায়নের পরিসরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান সাইফুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।