লন্ডন মেটাল এক্সচেঞ্জে গত পাঁচ মাসের মধ্যে বড় সাপ্তাহিক পতনের পথে তামার বাজার। তবে গতকাল কিছুটা বেড়েছে শিল্প ধাতুটির দাম। ডলারের বিনিময় মূল্য বৃদ্ধিসহ ধাতুটির মজুদ বাড়ায় সাপ্তাহিক দাম নিম্নমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বার্ষিক এলএমই সপ্তাহে ধাতুটির ব্যবহারকারী, উৎপাদক, ব্যবসায়ী ও ব্রোকাররা লন্ডনে জড়ো হবেন। একই সময় আজ থেকে শিল্প ধাতুটির শীর্ষ ভোক্তা চীনের বাজারগুলো সাতদিনের সরকারি ছুটি শেষে আজ পুনরায় খুলবে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৯৭১ ডলারে। তবে সাপ্তাহিক হিসাবে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমেছে। মে মাসের পর এটিই সর্বনিম্ন দাম।

বিদ্যুৎ ও নির্মাণ খাতে ব্যবহৃত ধাতুটির বাজার প্রত্যাশার চেয়েও বেশ কমে গেছে। বিশেষ করে চীনে কারখানা কার্যক্রম ও নির্মাণ খাতে মন্থরতার নেতিবাচক প্রভাব পড়েছে তামার চাহিদায়। তবে আগামীতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় রূপান্তর তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুটির চাহিদাও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, চাহিদা কমে যাওয়ায় বাজারে মজুদ বেড়েছে। এলএমইতে নিবন্ধিত গুদামগুলোয় ২০২২ সালের মে মাসের পর রেকর্ড মজুদ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ১৭৫ টনে।

এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনে মূল্য স্থির হয়েছে ২ হাজার ২৩৯ ডলার ৫০ সেন্ট। দস্তার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৫০৬ ডলারে। সিসার দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম উঠেছে ২ হাজার ১৪৮ ডলারে। টিনের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি টন লেনদেন হয়েছে ২৪ হাজার ৪২৫ ডলারে। নিকেলের দাম দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০০ ডলারে।