রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল এ অনুষ্ঠানে দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হয় তাদের অবদানের স্বীকৃতি।
এবারের আসরে ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) খেতাব পেয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন তিনি। ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন এ ফুটবলার।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আমি এ পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেয়ার জন্য।’
বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গনের অর্জন।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড কুল এ নিয়ে টানা ১১ বার এ মর্যাদাপূর্ণ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। মালিক মোহাম্মদ সাইদ বলেন, ‘বিএসপিএ প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এবং আমি বিএসপিএকে ধন্যবাদ জানাই এ অ্যাওয়ার্ডে আমাদের সাথে রাখার জন্য।’
এছাড়া বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমি মনে করি আমাদের ক্রীড়া সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে অনেক কিছু উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এজন্য সবাইকে পাশে চাই।’
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।










