অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থ বছরের পেশ করা বাজেট বক্তৃতায় বলেছেন, ‘সিগারেটের নিম্ন স্তরের দশ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’
যদিও এরপর বিড়ির প্রস্তাবনার ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, মূল্যবৃদ্ধি কত থেকে কত ও সম্পূরক শুল্ক আগে কত ও প্রস্তাবিত কত। কিন্তু সিগারেটের ক্ষেত্রে সেটি স্বযত্নে এড়িয়ে গেছেন। প্রকৃতপক্ষে সিগারেটের ক্ষেত্রে নিম্ন স্তরের দাম ছিল ৩৭ টাকা। তা থেকে প্রস্তাব করেছেন ২ টাকা মূল্য বৃদ্ধির অর্থাৎ মূল্য বৃদ্ধির হার ৫.৪০ শতাংশ। নিম্ন স্তরের সিগারেটের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ছিল ৫৫ শতাংশ আর প্রস্তাব করেছেন ৫৭ শতাংশ; অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি ২ শতাংশ। মধ্যম স্তরের বিদ্যমান দাম ছিল ৬৩ টাকা এ ক্ষেত্রে কোন মূল্য বৃদ্ধি করা হল না। উচ্চ স্তরের বিদ্যমান মূল্য ৯৩ টাকা থেকে বাড়িয়ে করা হল ৯৭ টাকা অর্থাৎ মূল্য বৃদ্ধি ৪.৩০ শতাংশ। আর অতি উচ্চ স্তরের বিদ্যমান মূল্য ১২৩ টাকা থেকে বাড়িয়ে করা হল ১২৮ টাকা অর্থাৎ মূল্যবৃদ্ধি ৪.০৬ শতাংশ। শেষ তিন স্তরের বিদ্যমান সম্পূরক শুল্ক ছিল ৬৫ শতাংশ যা অপরিবর্তিত রাখা হয়েছে। সব মিলিয়ে সিগারেটে মূল্যবৃদ্ধি শূন্য থেকে ৫.৪০ শতাংশ। আর সম্পূরক শুল্ক বৃদ্ধি শূন্য থেকে ২ শতাংশ।
অথচ অর্থমন্ত্রী এই প্রস্তাবের লক্ষ্য হিসেবে বলেছেন, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধি । এই ক্ষেত্রে বিশেষ কোনো বৃদ্ধি না করে কিংবা কোন কোন ক্ষেত্রে সামান্য বৃদ্ধি করে অর্থমন্ত্রী কতটুক রাজস্ব আয় বৃদ্ধি করতে পারবেন তা সহজে অনুমেয়। আর এই নগণ্য পরিবর্তনে যে সিগারেটের ব্যবহার কমবে না তা সহজেই বোঝা যায়। এটি নতুন কিছু না, গত এক দশকের বেশি সময় ধরে আমরা বাজেটে সিগারেটের ক্ষেত্রে এমন আনুকূল্য দেখে আসছি। যার ফলে সিগারেটের ব্যবহার কমেনি, বরং সম্প্রসারিত হয়েছে। প্রাপ্তবয়স্কদের বৈশ্বিক তামাক সমীক্ষা (গ্যাটস) জানাচ্ছে, বাংলাদেশে ২০০৯ সালে সিগারেট ব্যবহারকারী ছিলেন ১৩ কোটি ৫০ লাখ; যেটি ২০১৬ সালে হয়েছে ১৫ কোটি। সিগারেট ব্যবহারের এই বৃদ্ধি সম্ভব হয়েছে সরকারের অনুকূল করনীতির কারণে।
বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতির ক্ষেত্রে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়ে ১৮(১) ধারাতে বলা হয়েছে ‘স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন’। সংবিধানে এই সুস্পষ্ট নির্দেশনা কেন বারবার রাষ্ট্রের করনীতিতে উপেক্ষিত হচ্ছে তা পর্যালোচনা করলে দেখা যাবে, সরকার নিজেই তামাক ব্যবসার সঙ্গে জড়িত।
সংবিধানে উল্লেখিত রাষ্ট্রপরিচালনার মূলনীতি লঙ্ঘন করে কেন ও কীভাবে সরকার তামাক ব্যবসায় জড়িত তা এক রহস্য। অনেক অসম্ভবের দেশ এই বাংলাদেশ। তাই সরকার বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির উল্লেখযোগ্য অংশের মালিক। সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সরকারের মিলিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে মোট শেয়ার রয়েছে ৬ দশমিক ৮৪ শতাংশ।
নিজের ব্যবসার উন্নতি কে না চায়? তাই জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে সংবিধান উপেক্ষা করে সিগারেটের ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করছেন তার কর নীতিকে, যেটা আমরা দেখছি। এটা সম্ভব হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সুচতুর কৌশলের কারণে। বহুজাতিক কোম্পানির ব্যবসা সম্প্রসারণের কূটকৌশলের সঙ্গে আমরা সবাই পরিচিত।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল ব্যবসা করতে। বণিকের দণ্ড কীভাবে রাজদণ্ডে পরিণত হল তা লিপিবদ্ধ আছে ইতিহাসে। প্রায় ৬.৮৪ শতাংশের মালিকানা সত্ত্বেও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি উদারভাবে দিয়েছে ১০ পরিচালকের মাঝে ৫টি আসন বাংলাদেশের আমলাদের জন্য। বর্তমান ও প্রাক্তন আমলারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিচালকের পদ অলংকৃত করার ক্ষেত্রে কোনো দ্বিধা করেন না। এই আমলাদের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি নিয়ন্ত্রণ করছে সরকারের করনীতি, যা তাদের ব্যবসা সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড সরকারের করনীতি প্রণয়ন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এক চেয়ারম্যান এই পদে আসীন হওয়ার আগে ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একজন পরিচালক। অতএব তার নেতৃত্বে জাতীয় রাজস্ব বোর্ড কেমন করনীতি গ্রহণ করবে তা সহজে অনুমেয়। ২০১৩ সালে জাতীয় রাজস্ব বোর্ড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে ১ হাজার ৯২৪ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ আনলে সেটি আদালতে গড়ায়। হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ডের অনকূলে রায় দিয়ে টাকার পরিমাণ নির্ধারণ করে দেন ১৭৮০ কোটি টাকা। ২০১৯ সালে মহামান্য আপিল ডিভিশনের রায় জাতীয় রাজস্ব বোর্ডের বিপক্ষে যায়। তার বিরুদ্ধে কোন আপিলের কথা আমরা শুনিনি। অথচ আমরা জানি, মোবাইল কোম্পানি গ্রামীণ ও রবির কাছ থেকে কিভাবে টাকা আদায় করা হয়েছে।
সম্প্রতি করোনার কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে সবকিছু বন্ধ হলেও সিগারেট উৎপাদনের অনুমতি দেয় শিল্প মন্ত্রণালয় ১৯৫৬ সালের আইনে সিগারেটকে অত্যাবশ্যকীয় শিল্প গণ্য করে। পরবর্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়কে তামাকের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধকরণের অনুরোধ জানালে শিল্প মন্ত্রণালয় তা উপেক্ষা করে। উল্লেখ্য, তখনকার (সাম্প্রতিক অবসরে যাওয়া) শিল্পসচিব ছাড়াও আরো দুজন প্রাক্তন শিল্পসচিব রয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিচালক হিসেবে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অনৈতিক কাজের বহু বিবরণ বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আফ্রিকার দেশ মালাওতে দরিদ্র পরিবারের শিশুদের শ্রমে নিয়োজিত করার অভিয়োগে মামলা হয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। কেনিয়া, বুরুন্ডি, উগান্ডা, কমোরোসে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে তাদের স্বপক্ষে সরকারি নীতি প্রণয়নের অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে।
পৃথিবীর অন্যতম বৃহৎ এই সিগারেট কোম্পানি দাবি করে তারা বাংলাদেশ সরকারকে প্রচুর আয়কর দিয়ে থাকে। সর্বোচ্চ আয়কর প্রদানকারীর তালিকায় রয়েছে তাদের স্থান। অথচ যুক্তরাজ্যভিত্তিক দ্য ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক জানাচ্ছে, তাদের কর ফাঁকি দেয়ার কাহিনী। তাদের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দায়বদ্ধতার অজুহাতে, স্বত্বের অধিকার, কারিগরি সহায়তা ও যোগাযোগ প্রযুক্তিগত সহায়তার নামে ২০০৬ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ থেকে পাচার করেছে ৬৭ মিলিয়ন ডলার যা প্রায় ৫৭০ কোটি টাকা।
আড়াইশ বছরের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা গ্রহণ করে ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করতে হলে এখনই দরকার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ব্যবসার এই অনৈতিক সম্প্রসারণ বন্ধ করা। সরকারের উচিত হবে অবিলম্বে সংবিধান বিরোধী ব্যবসা থেকে সরে আসা। সরকারি আমলাদের উচিত হবে এই কোম্পানির বোর্ডের পরিচালনা থেকে বেরিয়ে আসা, যাতে তারা দেশের স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাদের সিদ্ধান্ত যেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ব্যবসা সম্প্রসারণে ব্যবহৃত না হয়।
অধ্যাপক মুহাম্মদ আব্দুস সবুর
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়










