স্বাধীনতা-উত্তর অর্থনৈতিক পুনর্গঠন ও সমাজ সংস্কারের লক্ষ্যে গত শতকের সত্তরের দশকে দেশে বেসরকারি উন্নয়ন সংস্থা তথা এনজিওর যাত্রা শুরু। পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ, ত্রাণকর্ম, অসহায় ও দুস্থদের পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু ও মাতৃস্বাস্থ্য, কলেরা নিয়ন্ত্রণ, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের কর্মপরিধি বিস্তৃত করেছে সংস্থাগুলো। বর্তমানে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীল রাখা ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, পরিবেশ রক্ষা, দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত এসব সংস্থা। বলা চলে, সরকারি সমর্থনমূলক পদক্ষেপের সঙ্গে এনজিওগুলোর কার্যক্রমের সম্মিলনে বিগত দশকগুলোয় দেশের লক্ষণীয় উন্নতি ঘটেছে। আজকে আর্থসামাজিক বিভিন্ন সূচকে আমরা ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গিয়েছি। এই অগ্রগতি নিয়ে অমর্ত্য সেনসহ বিশ্বের প্রভাবশালী অর্থনীতিবিদরা প্রশংসনীয় মন্তব্য করেছেন নানা সময়ে। আমরাও এটা নিয়ে গর্ববোধ করি। আর এই অগ্রগতি প্রধানত সম্ভব হয়েছে এনজিওগুলোর উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে। তবে হতাশাজনক বিষয় হলো, কয়েক বছর ধরে সংকটে রয়েছে দেশের এনজিও খাত। অব্যাহতভাবে কমছে দেশে সক্রিয় এনজিওগুলোর অনুদান। ফলে অর্থায়ন নিশ্চিত করে চলমান প্রকল্প চালিয়ে যাওয়া ও নতুন কর্মসূচি চালু করা দিন দিন দুষ্কর হয়ে উঠছে সংস্থাগুলোর জন্য। এমন এক বাস্তবতায় খবর মিলছে, আমাদের দেশের এনজিও খাতে অর্থায়নের অন্যতম বড় সহযোগী সংস্থা যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে (ডিএফআইডি) দেশটির ফরেন অফিসের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এটি বাস্তবায়ন হলে সংস্থাটির কর্তৃত্ব চলে যাবে দেশটির ফরেন সেক্রেটারির হাতে; খর্ব হবে এর স্বায়ত্তশাসন ও স্বাধীনতা। এটি আমাদের দেশের এনজিওগুলোর অর্থায়ন-সম্পর্কিত উদ্বেগ বাড়াচ্ছে। 

দীর্ঘদিন ধরে ডিএফআইডি বাংলাদেশের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ নানা বিষয়ে প্রতিষ্ঠানটি এনজিওগুলোকে বিপুল পরিমাণ বৈদেশিক অনুদান দিয়ে এসেছে। পাশাপাশি সরকারের নীতিসহায়তা ও কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থায়ন চালু রেখেছে সংস্থাটি। কাজেই সংস্থাটিতে হঠাৎ করে আসা যেকোনো পরিবর্তনই সরকারি-বেসরকারি উভয় খাতের উদ্বেগের কারণ হবে বৈকি। সন্দেহাতীতভাবে এক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনজিওগুলো। মনে রাখা চাই, ডিএফআইডির পুরো কর্তৃত্ব পররাষ্ট্র বিভাগের কাছে যাওয়া মানে কূটনৈতিক ও যুক্তরাজ্যের স্বার্থে যাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তারাই কেবল অনুদানপ্রাপ্তিতে এগিয়ে থাকবে। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে থাকলে সামনের দিনে সরকারি প্রকল্পে কিংবা বেসরকারি  উন্নয়ন সংস্থাগুলোয় উল্লেখযোগ্য অনুদানপ্রবাহ কমে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তেমনটি হলে এনজিও কার্যক্রম পরিচালনা কঠিন হবে বৈকি। তাই বিষয়টি এখনই আমলে নিয়ে সরকারি ও বেসরকারি উভয় দিক থেকে যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক এক্ষেত্রে প্রয়োজনে লবিস্টদের সহযোগিতা নেয়া এবং বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন। এটা আমলে নিয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ কাম্য।

লক্ষণীয়, শক্তিশালী ও আর্থিকভাবে যথেষ্ট সমর্থ রাষ্ট্র ব্যবস্থায় এনজিওর ভূমিকা তেমন নেই। নাগরিকের জীবনমান উন্নয়ন ও শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করা মূলত রাষ্ট্রেরই দায়িত্ব। রাষ্ট্রের পক্ষে সরকারই কাজটি করে থাকে। রাষ্ট্রীয় সীমিত সামর্থ্যের কারণে উল্লিখিত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ব্যবধান তৈরি হলে সহযোগী হিসেবে এগিয়ে যায় এনজিওগুলো। স্বাধীনতা-উত্তর সময়ে আমাদের দেশেও এনজিওগুলোর বিকাশ হয়েছে। গত দুই দশকে দেশের ঈর্ষণীয় অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সম্পদ বণ্টন ও নিয়োজনে রাষ্ট্রের সামর্থ্য আগের চেয়ে বেড়েছে। ফলে এনজিওগুলোর প্রয়োজনীয়তাও ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। কিন্তু নিকট অতীতে জলবায়ুজনিত অভিঘাত এবং চলমান কভিড-১৯ মহামারী আমাদের রাষ্ট্রীয় সামর্থ্যে বড় ধরনের ছেদ ঘটিয়েছে। স্বল্প সময়েই উদোম হয়ে পড়েছে আমাদের দুর্বলতাগুলো। সংক্রমণজনিত অর্থনৈতিক সংকোচনে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দরিদ্র হয়ে পড়ছে প্রায় ছয় কোটি মানুষ। সামনে আরো বাড়বে। এই বিরাটসংখ্যক মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা, আয় সমর্থন দেয়া এবং তাদের জীবনমান উন্নয়নে নতুন করে দেশে এনজিওগুলোর ভূমিকা নিদারুণভাবে অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা আবার মহামারী মোকাবেলা ও তত্পরবর্তী এনিজওগুলোর নিবিড়ভাবে সম্পৃক্তির কথা বলছেন। সংস্থাগুলো সম্পৃক্ত না হলে সরকারের একার পক্ষে এ সংকট থেকে উত্তরণ দুষ্কর হবে। কিন্তু বাস্তবতা হলো, অর্থায়ন ঘাটতিতে কয়েক বছর ধরে ধুঁকছে এনজিও খাত। এর মধ্যে ডিএফআইডি নিয়ে সৃষ্ট জটিলতা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো। সংস্থাটি থেকে বৈদেশিক অনুদানপ্রাপ্তি বন্ধ হলে এনজিও খাতের অনেক প্রকল্প চালিয়ে যাওয়া এবং খাতটির কভিড মোকাবেলায় সম্পৃক্ত হওয়া সহজ হবে না। কাজেই অর্থায়নের বিকল্প উৎস সন্ধান জরুরি।

দেশে এখন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা এসডিজি বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। অনেক এনজিও এটি নিয়ে কাজ করছে। সংস্থাগুলোর অর্থায়ন অনিশ্চয়তা না কাটলে আমাদের এসডিজির লক্ষ্য অর্জন কঠিন হবে। তদুপরি এনজিও খাতে রয়েছে বিপুল মানুষের কর্মসংস্থান। এমনিতেই কভিডকালীন সংকটে বেকারত্ব বাড়ছে। তার মধ্যে এনজিওগুলোর কার্যক্রম বন্ধ হলে একটা বিরাটসংখ্যক তরুণ জনগোষ্ঠী কাজহারা হবে, বেকার হয়ে পড়বে, যার অভিঘাত হবে সর্বব্যাপ্ত। তাই চেষ্টা করতে হবে যাতে অর্থায়নের অভাবে এনজিওগুলো বন্ধ না হয়। নতুন আরো কোন কোন উৎস থেকে বৈদেশিক অনুদান পাওয়া যায়, তার উপায় বের করতে হবে। সরকারের কূটনৈতিক উদ্যোগ ও কর্তৃপক্ষগুলোর সক্রিয়তায় দেশের এনজিও খাতের অর্থায়ন খরার অবসান হবে, এটিই প্রত্যাশা।