ব্যাংক তথা আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের দাবি দীর্ঘদিনের। বরাবরই এটি উপেক্ষিত। প্রস্তাবিত বাজেটেও সংস্কারের দিকনির্দেশনা অনুপস্থিত। ফলে দেশের ব্যাংকগুলোর সঙ্গিন দশা থেকে উত্তরণের পথ দুষ্কর। আমাদের ব্যাংকিং খাতে অন্যতম আলোচিত ইস্যু খেলাপি ঋণ। করোনা অভিঘাতের বেশ আগে থেকেই খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ছিল এ খাত। খেলাপি ঋণ আদায় না হওয়ার কারণে মূলধন ঘাটতি, সঞ্চিতি ঘাটতি, তারল্য সংকটসহ বহুমুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছিল অর্ধেকের বেশি ব্যাংক। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে অনিয়ম, দুর্নীতি ও ঋণের নামে সম্পদ লুণ্ঠন হয়েছে অনেক ব্যাংকে। কিন্তু কৃত্রিমভাবে এ খাতের পরিস্থিতি ভালো দেখানোর জন্য রাষ্ট্রীয় উদ্যোগের কমতি নেই। গত কয়েক বছরে ৫০০ কোটি টাকার উপরে ঋণ থাকা ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠন, গণহারে ঋণ পুনঃতফসিলের সুযোগ, খেলাপি আইন শিথিল, অবলোপন নীতিমালায় ছাড়সহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিছুদিন আগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ঋণ শ্রেণীকরণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। মহামারীর প্রকোপ দীর্ঘায়িত হওয়ায় আরো তিন মাস বর্ধিত করা হয়েছে ওই সময়। ফলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধ না করলে খেলাপি হিসেবে চিহ্নিত হবে না কোনো ঋণ। তার মানে উল্লিখিত সময় পর্যন্ত কোনো ঋণের শ্রেণীমান পরিবর্তন করা যাবে না। যে ঋণ যে শ্রেণীতে আছে, সে অবস্থায়ই থাকবে। বলা যায়, খেলাপি হওয়ার পথ আপাতত বন্ধ। অবশ্য এর প্রত্যক্ষ সুফল পাওয়াও গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ এ তিন মাসে খেলাপি ঋণ ১ হাজার ৮২০ কোটি টাকা কমেছে। এটি খেলাপি ঋণের প্রকৃত চিত্র নয়; কাগজ-কলমে কমেছে মাত্র। বিশ্লেষকরা বলছেন, এতে বরং ব্যাংক খাতের জন্য বিপদ বাড়ছে। কৃত্রিমভাবে খেলাপি ঋণ কম দেখানোর এ প্রবণতা খাতটিতে সুশাসন পরিস্থিতির আরো অবনমন ঘটাবে বৈকি।

এক হিসাব মতে, গত মার্চ পর্যন্ত ঋণ গ্রেস পিরিয়ডের বিশেষ সুবিধার আওতায় ৩০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে পুনঃতফসিল করা হয়েছে ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকা। এর বাইরে মার্চ পর্যন্ত প্রায় ৫০ হাজার কোটি টাকা অবলোপন করা হয়েছে। আবার এখন পর্যন্ত ৭০০ ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। ফলে খেলাপি ঋণ হিসেবে বাংলাদেশ ব্যংাকের ঋণ তথ্য ব্যুরোয় (সিআইবি) উল্লেখ নেই তাদের নাম। এ রকম ঋণের পরিমাণ এখন ৮০ হাজার কোটি টাকার মতো। এসব ঋণ যোগ করলে দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ কোটি টাকা। অর্থাৎ এই পুরো ঋণটাই খেলাপির পরিবর্তে দুর্দশাগ্রস্ত ঋণশ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। এটা শুধু শ্রেণীবিন্যাসের খেলা ছাড়া আর কিছু নয়। এভাবে কৃত্রিম উপায়ে খেলাপি ঋণ কম দেখানোর প্রবণতায় আর্থিক খাতের স্বাস্থ্য ভালো দেখালেও তা দেশবাসীর জন্য  চরম বিভ্রান্তিকর।

বলার অপেক্ষা রাখে না, ব্যাংক খাতে আগে থেকে নানামুখী চাপ বিদ্যমান। করোনার প্রকোপে চাপ আরো বাড়ছে। সরকার অব্যাহতভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে যাচ্ছে। ২০২০-২১ অর্থবছরেও প্রায় ৮৫ হাজার কোটি ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। তদুপরি ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোও ব্যাংকের মাধ্যমে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। ফলে ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণপ্রবাহের পথ সংকুচিত। এতে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি রেকর্ড ৮ দশমিক ২০ শতাংশে নেমে এসেছে। সামনে আরো নামবে বলে সংশ্লিষ্টদের শঙ্কা। এমন এক সমস্যাসঙ্কুল পরিস্থিতিতে আবার গণহারে সেপ্টেম্বর পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধে স্থগিতাদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুযোগে ভালো ব্যবসা করছেন এমন গ্রাহকরাও ব্যাংকের অর্থ পরিশোধ করা বন্ধ করে দিয়েছেন। ফলে পরবর্তীতে খেলাপি হওয়ার ঝুঁকি তো থাকছেই, উপরন্তু বাড়ছে ব্যাংকের তহবিল ব্যয়; ঝুঁকিতে পড়ছে আমানত। কাজেই ব্যাংকিং খাত কতটা সংকটে নিপতিত, তা সহজেই অনুমেয়।

লক্ষণীয়, দেশে ব্যাপকভাবে দায়মুক্তির সংস্কৃতি বিরাজমান। এখানে আর্থিক অপরাধে শাস্তি দেয়ার দৃষ্টান্ত খুব একটা নেই। ফলে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে ঋণ নিয়ে ফেরত না দেয়ার প্রবণতা শিকড়বিস্তারী। বিশেষত উপরের মহলে যোগাযোগ থাকা প্রভাবশালী ও ধনী কিছু ব্যবসায়ী ঋণ ফেরত দেয়ার কোনো তাগিদই অনুভব করেন না। সবচেয়ে মজার বিষয়, দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এখন নিচ্ছেন প্রভাবশালী ও ক্ষমতাবান এসব ঋণগ্রহীতা। এটা হতাশাজনক। এ অবস্থার বদল না হলে সংশ্লিষ্ট খাতে দুষ্টের দমন, শিষ্টের পালনের পরিবেশ তৈরি হবে না। তার জন্য অস্থায়ীভিত্তিক প্রশমনমূলক পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাংকিং খাতের আমূল রূপান্তর ও সংস্কার এবং একটি পেশাদারি, স্বাধীন ও শক্তিশালী ব্যাংকিং কমিশনই কেবল তা পারে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে বিষয়টি আমলে নিয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এটিই প্রত্যাশা।