বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনে একটি বিল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করা হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী কোনো অর্থবছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির মূল্য পরিবর্তনের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। নতুন আইনে এ বিধিনিষেধ তুলে দেয়ার কথা বলা হয়েছে। এতে কোনো বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে সরকার। এতে জনসাধারণের ঘাড়ে বোঝাই বাড়বে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। শুধু এটিই নয়, ব্যয়বহুল জ্বালানি তেলভিত্তিক ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিনা টেন্ডারে পছন্দসই ব্যক্তিদের দেয়ার জন্য দায়মুক্তি বিল পর্যন্ত পাস করে সরকার। কয়েক দফায় এর মেয়াদও বাড়ানো হয়েছে। সন্দেহ নেই, এর ফলে বছরে শুধু একবার নয়, ‘প্রয়োজনে’ বারবার বিদ্যুৎ-জ্বালানির দামে পরিবর্তন (কমানো বা বাড়ানো) আনতে পারবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্ত প্রহসনমূলক। কারণ দাম পরিবর্তনের কথা বলে আইনে যে সংশোধনী আনা হচ্ছে, সেটি আসলে মূল্যবৃদ্ধির জন্যই করা হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভুল নীতি ও দুর্নীতিকে প্রশ্রয় দিতেই এ আইন সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, আগে বছরে একবার শুনানি করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি থাকত মানুষের মধ্যে। নতুন সংশোধনীর ফলে ভোক্তারা সবসময়ই আতঙ্কে থাকবেন। বিদ্যুৎ উৎপাদন, বিতরণসহ সব পর্যায়ে সংশ্লিষ্টরা অযৌক্তিক ব্যয় করছেন। ফলে বিদ্যুৎ খাতে প্রতি বছরই অযৌক্তিক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ করতে বারবারই মূল্যবৃদ্ধির দিকে নজর দিচ্ছেন তারা। কভিডের এ দুর্যোগের সময়ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বসে থাকলেও সরকার থেকে তাদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
যে সমন্বিত পরিকল্পনা নিয়ে সরকার ২০০৯ সালে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে এবং বেশি দামের বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নেয়, সে অনুযায়ী এ বছর থেকেই বিদ্যুতের দাম কমার কথা। অথচ সরকার বিদ্যুতের দাম আরেক দফা বাড়াল। এটা বিদ্যুৎ খাতে সরকারের অদক্ষতারই বহিঃপ্রকাশ। সরকার তার পরিকল্পনা অনুযায়ী গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্র স্থাপন করে অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়েছে। এ কারণেই বারবার দাম বাড়িয়েও এ খাতে সরকারের ভর্তুকি কমানো যাচ্ছে না। ভর্তুকি কমানোর কথা বলে গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে জনসাধারণকে এক দুঃসহ পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। যেখানে সরকারের কাজই হচ্ছে হাজারো সীমাবদ্ধতার মধ্যেও জনসাধারণের সুবিধার বিষয়টি নিশ্চিত করা, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে। একথা সবাই জানে যে আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের বেশির ভাগ বিদ্যুৎ উৎপাদন হয় জ্বালানি তেলের মাধ্যমে। এছাড়া গ্যাসভিত্তিক কয়েকটি কেন্দ্র উৎপাদনে আসায় খরচ আরো কমেছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ার পরিবর্তে কমার কথা। তা না করে সরকার উল্টো বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে।
দুঃখজনক বিষয় হলো, সরকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, মতামতকে গ্রাহ্য করছে না। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে সরকারের ওপর কথা বলার কেউ নেই। যে সরকার জনগণের হওয়ার কথা, সে এখন নিজের হয়ে গেছে। জনগণের স্বার্থের চেয়ে নিজের স্বার্থই বড় করে দেখছে। সে মনে করছে, যে সিদ্ধান্ত নেয়া হবে, তা জনগণকে মেনে নিতে হবে। এই স্বেচ্ছাচারিতার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। যে দেশে সরকার জনগণের সুখ-দুঃখের কথা বিবেচনা করে না, কেবল নিজের লাভের কথা চিন্তা করে, সে দেশের জনগণের দুঃখের অন্ত থাকে না। বাংলাদেশের মানুষ এখন এই দশার মধ্যেই পড়েছে। অথচ সরকারের কাজ হচ্ছে জনসাধারণের জীবনযাত্রা স্থিতিশীল রাখা। কিন্তু কয়েক বছর ধরে এর বিপরীত চিত্র লক্ষ করা যাচ্ছে। সরকার একের পর এক গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনসাধারণকে প্রান্তিক পর্যায়ে চলে যেতে বাধ্য করছে। শুধু জনসাধারণকে নয়, শিল্প-বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রটিকেও কঠিন করে তুলছে। গ্যাস-বিদ্যুতের অভাবে অনেক শিল্প-কারখানা চালু করতে না পারার কথা পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিদ্যমান শিল্প-কারখানা নিরবচ্ছিন্নভাবে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না। এসব সমস্যার সমাধান না করে এবং এসবের দিকে দৃষ্টি না দিয়ে সরকার কেবল দাম বাড়িয়ে চলেছে। মাঝে মাঝে অবকাঠামো নির্মাণের একটি উছিলা দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, জনগণকে দীর্ঘস্থায়ী টানাপড়েনের মধ্যে রেখে এ ধরনের অজুহাত দেয়া কতটা যৌক্তিক ও বিশ্বাসযোগ্য?
অপরিকল্পিত ব্যয়বহুল আমদানি করা জ্বালানির কারণে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ। বাংলাদেশের উচিত সাশ্রয়ী জ্বালানির জোগান দেয়া যেন বিদ্যুৎ উৎপাদন খরচ কমে। সাগর, পার্বত্য এলাকাসহ দেশের অনেক এলাকায় এখনো কোনো অনুসন্ধান কাজ হয়নি। কোনো পরিকল্পনাই করা হচ্ছে না। উৎপাদন খরচ কমাতে কোনো উদ্যোগ নেই। প্রসঙ্গত, বিশ্বব্যাপী প্রায় সব দেশই বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলেও সরকার এখনো অত্যধিক ব্যয়বহুল তরল জ্বালানি নির্ভরতায় ঝুঁকে রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টিকারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। বাংলাদেশ সরকার ব্যয়বহুল এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে প্রাকৃতিক উৎস তথা গ্যাসক্ষেত্রগুলো থেকে বিদ্যুৎ অনুসন্ধানে কাজ করছে না। অথচ আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোই বলছে, বাংলাদেশ হচ্ছে এশিয়ার নতুন এনার্জি সুপার পাওয়ার, বাংলাদেশের সমুদ্র উপকূলে মজুদ আছে প্রায় ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস, যা দিয়ে বছরের পর বছর বিদ্যুৎ উৎপাদনের চাহিদা পূরণ করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় জ্বালানির মূল উৎস হিসেবে সৌরশক্তি, বায়ুশক্তি, হাইড্রো, বায়ো ফুয়েল, জিও থার্মাল, নদীর স্রোত, সমুদ্রের ঢেউ ইত্যাদি শনাক্ত করা হয়েছে।










