আমাদের গতানুগতিক ধারণা যে জিডিপি বাড়া মানেই দেশের হু হু করে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। কিন্তু জিডিপি বৃদ্ধির দিকে নজর না দিয়ে আয় বৈষম্য কমানোই হওয়া উচিৎ অর্থনীতির মূল লক্ষ্য। ইয়াবা বিক্রি করলেও জিডিপি বাড়ে আবার রাস্তাঘাট বানালেও জিডিপি বাড়ে আর উভয়ই একসাথে চললেতো জিডিপির সাথে পাল্লা দিয়ে চিতা বাঘও হেরে যাবে, কিন্তু এই জিডিপি বাড়া নিশ্চয় আমাদের লক্ষ নয়।

সরকার গত ১১ জুন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে ২০২০-২০২১ অর্থবছরের জন্য যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৮৫৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা এবং জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। এবার বাজেটের কিছু চুম্বক অংশ নিয়ে আলোচনায়-

ঘাটতি অর্থায়ন
এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা যা জিডিপির ৬ শতাংশ। সরকার তার করোনা মোকাবেলায় নেয়া উদ্যোগের সাথে এবারের বাজেটে ঘাটতি অর্থায়নের যে ঘোষণা দিয়েছে তা খুবই অসামঞ্জস্যপূর্ণ। কিছুদিন আগেই সরকারের ঘোষিত প্রণোদনা প্যকেজসমূহ যা করোনা মোকাবেলায় দেয়া হয়েছে তার পুরোটাই প্রায় চাপিয়ে দেয়া হয়েছে ব্যাংক ব্যবস্থার উপরে। অন্যদিকে এবারের বাজেটে ব্যাংক থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা নেয়া হবে বাজেটের ভর্তুকি অর্থায়নের জন্য। যা বেসরকারি খাতের ঋণ পাওয়াকে বাধাগ্রস্ততো করবেই। উপরন্তু ঘোষিত প্রণোদনাও বাস্তবায়ন অসম্ভব হয়ে যাবে। শুধুমাত্র এসএলআর, সিআরআর এবং রিপো কমিয়ে বা মানিটারি হাতিয়ার ব্যবহার করে যে তারল্য তৈরি করা যাবে তা দিয়ে একাজ অসম্ভব। ইতিমধ্যে ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়াটা একটা লাভজনক খাত হিসাবে বিবেচনা করতে শুরু করেছে যেহেতু বেসরকারি খাতে ঋণের সুদের হার মাত্র ৯ শতাংশ এ অবস্থায় বেসরকারি খাতে ঋণ পাওয়াটা সিস্টেমেটিক ভাবেই কমে যাবে। কারণ এখাতে ঋণের ঝুঁকি অনেক বেশি। অন্যদিকে সরকারকে ঋণ দেয়াটা একেবারেই ঝুঁকিবিহীন। ফলে সরকারের উচিৎ হবে ব্যাংক ব্যাবস্থাকে ঘাটতি অর্থায়নের চাপে না ফেলা তাহলে যেমন বেসরকারি খাত উপকারি হবে আর বেসরকারি ঋণ প্রবাহ বাড়লে ব্যাংকিং খাতও ঘুরে দাঁড়াবে।

কর ব্যবস্থা
‘কর জাল’ এই শব্দ প্রয়োগের মধ্যেই এই সংক্রান্ত দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠে। সরকারের মূল লক্ষ্য কী কর আদায় করে তা জনকল্যাণে ব্যয় করা নাকি তা একশ্রেণিকে বিশেষ সুবিধা দেয়ার কাজে ব্যয় করা? কর এর আওতা বৃদ্ধি করা এসময়ে কতটা কাজ করবে তা নিয়ে সন্দেহ থেকে যায়, সরকার যখন একদিকে বলছে যে জনকল্যাণ তার মূল লক্ষ্য আবার করের আওতাও বৃদ্ধি করছে। এটা পূর্বের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এই করোনার আর্থিক ক্ষতিতে পড়া নাগরিকদের জন্য ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ করে করের আওতা বৃদ্ধি করা যেতে পারে। সেক্ষেত্রে করপোরেট কড় বাড়ানো জরুরি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার করপোরেট কর আরো কমিয়ে দিয়েছে, ২ দশমিক ৫০ শতাংশ। সরকার ব্যাংকে ১০ লাখ টাকা বা ততোধিক অর্থ জমা রাখার জন্য আবগারি শুল্ক গত বছরের চাইতে বৃদ্ধি করার প্রস্তাব করেছে। এটা কীভাবে একজনকে সঞ্চয় করতে উৎসাহিত করবে ভেবে পাই না। বোঝা যাচ্ছে সরকার চাইছে জনগণ যেন তার টাকা বিনিয়োগ করে। কিন্তু বিনিয়োগের নিরাপত্তা না থাকলে তা করতে কেও চাইবে না। বরং টাকা বিনিয়োজিত হবে নানান অবৈধ খাতে, যেখান থেকে একইসাথে সরকারও রাজস্ব হারাবে মানুষও তার টাকার অনিরাপত্তায় ভুগবে। ধনীরা কর ফাঁকি দেয় বেশি তা রোধ করাই হওয়া উচিৎ মূল লক্ষ। রাজস্ব আয় বৃদ্ধি এবং তা অর্জন করতে হলে ধনীদের আরো করের আওতায় আনতে হবে বিশেষত করপোরেট কর আদায়ের দিকে লাখ রাখতে হবে যেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সদিচ্ছার ব্যাপার তা না হলে ‘কর জাল’ যে জালে আটকে জনগণ পানিছারা মাছেদের মতোই অক্সিজেনের অভাবে ছটফট করবে।

উন্নয়ন ব্যয় (এডিপি)
বাৎসরিক উন্নয়ন ব্যয় বা এডিপি, এখাতে দেখানো হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। যদিও এডিপির বরাদ্দর চাইতেও গুরুত্বপূর্ণ হলো এর বাস্তবায়ন। আমাদের নিকট অতিতে এডিপির বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা দেখা যায় না।

আমাদের মগজে এটা গেঁথে দেয়া হয়েছে যে উন্নয়ন মানেই রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট বানানো। কিন্তু এগুলো উন্নয়নের একটা চলক মাত্র। এগুলো মানেই উন্নয়ন নয়। এদেশে এমন অনেক যায়গা আছে যেখানে চোখ ধাঁধানো সরকারি ভবন আছে। চেয়ার-টেবিল থেকে শুরু করে মেশিনও আছে। কিন্তু ব্যবহার করার লোকবল নাই ফলে এরকম খাতে টাকা বরাদ্দ মানেই তা কার্যকর এমনটা নয়। যদিও তা জিডিপি যেমন বাড়াবে তেমনি সরকারের সাফল্যের পালকও ভারি করবে।

ফলে উন্নয়ন বাজেটের টাকা এমন খাতে ব্যবহার করা উচিৎ যেন তা মানবসম্পদ উন্নয়ন করে এবং একইসাথে প্রান্তিক অঞ্চলের জীবনমান উন্নত করে। মনে রাখতে হবে দেশের প্রান্তিক অঞ্চলে বানানো ভবনগুলো তখনই কাজে লাগবে যখন সেখানে মানুষের জীবনধারণের জন্য আবশ্যিক উপাদান সহজলভ্য হবে। নতুবা কেবল মাত্র শহরকেন্দ্রিক এ উন্নয়ন আমাদের আয় বৈষম্য আরো বাড়াবে।

এসএমই খাত
সরকার তার বাজেট প্রস্তাবনায় স্বীকার করে নিয়েছে এই খাত দেশের খুবই গুরুত্বপূর্ণ খাত যার জিডিপি অবদান ২৫ শতাংশ কিন্তু সে অনুপাতে এখানে বরাদ্দ নেই বললেই চলে। এই খাতের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আমাদের অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের একটা বড় অংশ এই এসএমই খাতে নিয়োযিত ফলে কেবল ওয়ার্কিং ক্যাপিটাল আকারে যা দেয়া হয়েছে তাকে বড় করে না দেখিয়ে এখাতে মনোযোগ আরো বাড়াতে হবে। 

স্বাস্থ্য খাত
বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে যে কথা বলা হয়েছে তা আপাত ঠিক শোনালেও এখাতে বরাদ্দের সাথে তার কোন মিল নাই। ২০২০-২০২১ অর্থবছরে এখাতে বরাদ্দ মাত্র ৪১ হাজার ২৭ কোটি টাকা যা বাজেটের ৭ দশমিক ২ শতাংশ। এ বরাদ্দ একেবারেই অপ্রতুল। এই করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা। গ্রাম থেকে শহরে স্বাস্থ্য খাতের একটা সমন্বয় থাকতে হবে। একজন নাগরিক তার চিকিৎসার কোন পর্যায়ে কোথায় যাবে তার একটা সুনিদ্রিষ্ট পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য খাত সাজাতে হবে। ধরুন, একজন নাগরিক তিনি হার্ট বা কিডনি ফেইলরের স্বীকার হয়েছেন সেক্ষেত্রে তিনি কি চিকিৎসার জন্য দুই তিনশ কিলোমিটার পথ পাড়ি দিবেন নাকি তার চিকিৎসার ব্যবস্থা তার এক, পাঁচ বা দশ কিলোমিটার পরিধির ভেতরেই থাকবে তা ঠিক করতে হবে। আমাদের যে উন্নয়নের কথা বলা হয় তা বাস্তবায়ন করতে হলে এখাতে মোট বাজেটের অন্তত ২০ শতাংশ বরাদ্দ থাকা উচিত এবং থাকাই শুধু নয় তার বাস্তবায়ন হতে হবে সততার সাথে।

শিক্ষা খাত
এখাতে বরাদ্দ বরাবরের মতোই কম মোট বাজেটের মাত্র ১১ দশমিক ৮৪ শতাংশ। আমরা সবাই জানি বাংলাদেশ এখন তার জনমিতির সর্বোচ্চ অবস্থানে আছে। আমাদের মোট জনসংখ্যার সিংহভাগ তরুণ এবং এই তরুণ জনগোষ্ঠীকে যদি কার্যকর শিক্ষার মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করা না যায় তাহলে এদেশের আর ঘুরে দাঁড়াবার কোন সম্ভাবনাই থাকবে না। ফলে এখাতে অন্তত বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ থাকা উচিৎ। এবং কিছু পরিবর্তনও আনা উচিৎ যেমন-

১. মাদরাসা শিক্ষায় বাধ্যতামূলকভাবে অন্তত কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা
২. উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা এবং সেভাবে জোর দেয়া। যেমন সকল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ানোর কোন যুক্তি থাকতে পারেনা। বরং মনোযোগ দেয়া উচিৎ কৃষি, সমুদ্র, আইটি বা এরকম আরো জরুরি বিষয়ের দিকে। 

কর্মসংস্থান সৃষ্টি
বাজেটে এক্ষেত্রে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নাই। বলা হচ্ছে করোনার সময়ে দেয়া প্রণোদনার কথা যা একেবারেই অপ্রতুল। উপরন্তু প্রণোদনা কোন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে নয় বরং বর্তমান কর্মসংস্থানকে টিকিয়ে রাখার জন্য দেয়ার কথা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে দুই হাজার কোটি টাকার প্রস্তাবনা যা খুবই অপ্রতুল। এবারেও করমসংস্থান বলতে প্রবাসী শ্রমই ভরসা হিসাবে দেখা হচ্ছে যা অনুচিত। এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা-

১. আগামী বাজেটে দেশে কত লাখ কর্মসংস্থান তৈরি করা হবে তার উল্লেখ থাকা এবং সে আনুযায়ী বরাদ্দ থাকা উচিৎ
২. কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারি উদ্যোগে কারখানা তৈরির জন্য বাজেটে বরাদ্দ রাখা
৩. পাট এবং পাটজাত পন্য, গাড়ি এবং অন্যান্য শ্রমঘন শিল্প তৈরির লক্ষে সরকারি বা বেসরকারি বা উভয়ের যৌথ উদ্যোগে কারখানা তৈরি করা যেতে পারে।
৪. সরকারের মেগা প্রজেক্টের জন্য নির্মাণ শ্রমিক থেকে শুরু করে দক্ষ বা অদক্ষ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান হিসাবে স্বীকৃতি দেয়া এবং সেরকম ব্যবস্থা নেয়া।
৫. সরকারের মেগা প্রোজেক্ট এর কাচামাল দেশের অভ্যন্তর থেকে সংগ্রহ করতে হবে যাতে করে এক্ষেত্রেও কর্মসংস্থান তৈরি হয়।
৬. গার্মেন্টসহ অন্যান্য রপ্তানি খাতগুলোকে দেশী কাচামাল ব্যাবহার করতে উৎসাহ এবং প্রয়োজনে বাধ্য করা। যেমন সরকার এখন গার্মেন্টস খাতকে তার রপ্তানি আয়ের উপরে ১ শতাংশ হারে নগদ অর্থ সহায়তা দেয়, এক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে শুধুমাত্র তাদেরই এই সুবিধা দেয়া যেতে পারে যারা দেশী কাঁচামাল ব্যবহার করবে।
৭. যেকোন বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশী উদ্যোক্তা সাথে নেয়া মানে যৌথ বিনিয়োগকে উৎসাহিত করা বা প্রয়োজনে বাধ্য করা।

মোদ্দাকথা বিদ্যমান রাজনৈতিক অর্থনীতি এবং উন্নয়ন দর্শন পরিবর্তন করতে হবে জিডিপি নয় অন্তত আয় বৈষম্য কমানো হওয়া উচিৎ উন্নয়নের মাপকাঠি।

লেখক: রাজনৈতিক অর্থনীতি গবেষক