নভেল করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা যখন বাড়ছে, ঠিক তখনই স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব আরো উপেক্ষিত হচ্ছে। জীবনযাত্রা ও অর্থনৈতিক পরিস্থিতি সচল করতে কিছুটা শৈথিল্যের সুযোগ দেয় সরকার। কিন্তু এই শিথিলতার সুযোগ নিয়ে মানুষ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা। এমনকি হাসপাতালগুলোয়ও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারের নির্দেশনা। কেবল মাস্ক ব্যবহারের নির্দেশনাটিই সর্বাধিক মানা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হ্যান্ডগ্লাভসও। অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় শর্ত শারীরিক দূরত্ব মোটেও মানা হচ্ছে না। মাঝখানে প্রায় দেড় মাস যেটুকু মানা হয়েছে, এখন এ শর্তের প্রতি উদাসীন মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হলে স্বাস্থ্যবিধি সম্পর্কে সরকারের নির্দেশনা শুধু কাগজে থাকলে চলবে না, নির্দেশনার শর্তগুলো সব পর্যায়ে মানতে বাধ্য করতে হবে। তা না হলে সামনে আরো বড় বিপদ দেখতে হবে। ঢাকায় বেশি সংক্রমণ শুরু হলে যে পদ্ধতিতে লকডাউনে যাওয়া হয়েছিল, তার শুরু থেকেই এক ধরনের শৈথিল্য ছিল। টোলারবাগে যেভাবে লকডাউনে সাফল্য পাওয়া গেছে, পুরো ঢাকায় তেমন কঠোর অবস্থানে যাওয়া হয়নি। ফলে মানুষ বাসা থেকে বের হতে শুরু করে। আর এখন সরকারের পক্ষ থেকে শিথিল করে দেয়ায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। কেউ পরামর্শ, স্বাস্থ্যবিধি কিংবা নির্দেশনা মানছে না। পুরো দেশের চিত্র এটি। এদিকে দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা ও ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর সময়মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি মহাপরিচালক নিজেও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরবর্তীতে সুস্থ হয়েছেন। এর পরও শুরু থেকে কিছু সমন্বয়হীনতা লক্ষণীয় ছিল। এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরো উদ্যমী হয়ে তারা পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট হওয়ার লক্ষণও দৃশ্যমান হচ্ছে না। নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে জোনভিত্তিক লকডাউনের ক্ষেত্রেও সমন্ব্বয়হীনতা দেখা গেছে। এজন্যও আবার ব্যাখ্যা দিতে হয়েছে। এমনকি জনসাধারণ লকডাউন মানতে অসহযোগিতা করছে বলেও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে করোনা মোকাবেলা কোনোভাবেই সম্ভব নয়। নভেল করোনাভাইরাস যে কয়দিন স্থায়ী হোক না কেন, যার যার অবস্থান থেকে সচেতন হওয়া এবং নিয়ম মানার বিকল্প নেই। যাদের শারীরিক দূরত্ব মেনে চলার জন্য বলা হচ্ছে, তাদের অধিকাংশই বোঝে না বিষয়টি কী এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যা যা করা প্রয়োজন, সেটি অনেক ক্ষেত্রে হচ্ছে না। একজন মানুষকে ঘরের মধ্যে বসে থাকার জন্য বললেই হবে না অথবা স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বিষয়টি বলে দিলেই হবে না, তাকে এটি মেনে চলার জন্য যা যা করতে হবে, সেই ব্যবস্থাপনা সরকারকেই করতে হবে। এছাড়া অর্থনৈতিক বিষয় তো আছেই। ফলে অনেকে বিষয়টি ইচ্ছা-অনিচ্ছায় উড়িয়ে দিচ্ছেন। সবার জন্য বিপদ বাড়াচ্ছেন। সুতরাং মানুষকে সচেতন করতে হবে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ এরই মধ্যে ছড়িয়েছে বিশ্বের প্রায় সব দেশেই। কার্যত বিশ্ব থমকে গেছে। বিশ্বের বিভিন্ন স্থানে লকডাউন করা হয়েছে এবং তা আবার শিথিলও করা হচ্ছে। দেশেও নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ক্রমাগত। সংগত কারণেই এটা ভুলে যাওয়া যাবে না, করোনা রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ ও তার সুষ্ঠু বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ নেয়ার বিকল্প নেই। যেখানে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে, সেখানে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও সামগ্রিক প্রস্তুতির বিষয় খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এছাড়া সংশ্লিষ্টদের এটা মনে রাখতে হবে, আতঙ্ক বাড়ছে ক্রমাগত। বিশ্বের বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে। কার্যত পুরো বিশ্বই নভেল করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা। দেশেও যখন দ্রুত নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা যখন লাখ ছাড়াল, তখন বিষয়টিকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণসাপেক্ষে সর্বাত্মক প্রস্তুতি জারি রাখতে হবে। পাশাপাশি আগে করোনার ঝুঁকি এড়াতে শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচেতন করা এবং যথাযথ উদ্যোগ নেয়া অপরিহার্য।
চীন থেকে ছড়ানো চীনের দুই প্রতিবেশী দেশ কভিড মোকাবেলায় দুর্দান্ত সাফল্যের পরিচয় দিয়েছে। এর একটি ভিয়েতনাম। দেশটির সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। চীনের আরেক সীমান্তবর্তী দেশ নেপাল, যদিও সে সীমান্ত অতি দুর্গম, তার পরও দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। আর করোনায় মারা গেছে মাত্র ২০ জনের মতো। এসব দেশের সরকার কঠোর বিধিনিষেধ পালন করতে দেশটির জনগণকে বাধ্য করেছে। করোনা সম্পর্কে নানা ধরনের প্রচার চালিয়েছে। আক্রান্ত ব্যক্তি কার সংস্পর্শে এসেছিল, তা শনাক্ত করতেও সমর্থ হয়েছে। সে কারণে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও নেপালে রোগটি এখন পর্যন্ত বড় আকারে দাঁত বসাতে পারেনি—এমনটিই খবরে উঠে এসেছে। অন্যদিকে দুনিয়ার সবচেয়ে সামরিক ও অর্থনৈতিক শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র কভিডের কাছে পুরোটাই ধরাশায়ী। দেশে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ল এবং মৃত্যু হাজার পেরিয়ে গেছে। ফলে এখনই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও তার সুষ্ঠু বাস্তবায়নে কাজ করতে হবে। সার্বিক পরিস্থিতি আমলে নিতে হবে। একই সঙ্গে জোনভিত্তিক লকডাউনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মনে রাখা দরকার, সারা বিশ্বই কার্যত করোনার কারণে বিপর্যস্ত পরিস্থিতির মুখোমুখি। আর এ মহামারী মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি ভিন্ন কোনো পথ নেই। ফলে যে সংকটগুলো সামনে আসছে তা আমলে নিতে হবে এবং প্রত্যেকেই যেন সচেতন হয়, সে বিষয় সামনে রেখে উদ্যোগী হতে হবে। নইলে নভেল করোনাভাইরাসের বিস্তার রোধ না করে অর্থনীতি ও বাণিজ্য চলমান রাখা কঠিন হয়ে পড়বে বৈকি।










