বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বলছে, করোনার প্রাদুর্ভাবে দেশে দরিদ্র মানুষের কাতারে নেমে গেছে অনেকে। বিআইডিএস বলছে, করোনার এ সময়ে ১ কোটি ৬৫ লাখ নতুন করে দরিদ্র হয়েছে। আর সিপিডি বলছে, দারিদ্র্যের হার বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। এখান থেকে প্রতীয়মান হয়, বাংলাদেশে দারিদ্র্র্য হ্রাসের প্রক্রিয়াটি টেকসই ছিল না। তাছাড়া মহামারীর সময়ে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় একটি স্বাভাবিক প্রক্রিয়াও বটে। শুধু দরিদ্র নয়, বেকারত্বও বাড়ছে। সরকারের জন্য এখন চ্যালেঞ্জ হলো, মহামারী মোকাবেলা করে দারিদ্র্য ও বেকারত্বের হার নিম্নপর্যায়ে রাখা। এক্ষেত্রে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ালেই হবে না, কার্যকর কর্মসূচিও নিতে হবে। এককালীন অর্থসহায়তা এক্ষেত্রে খুব বেশি কাজে আসবে না। এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষ স্থায়ীভাবে রাজধানী ছেড়ে চলে গেছে।
বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর এক বিরাট অংশও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করে চারটি শ্রমজীবী শ্রেণীর মানুষ। বৈদেশিক আয়ে পোশাক শ্রমিক ও প্রবাসী শ্রমিকরা, আর অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণ, ভোগ্যপণ্য ও সেবা খাতে কৃষিশ্রমিক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা। করোনায় পোশাক শ্রমিক ও প্রবাসী শ্রমিকদের পরিস্থিতি এরই মধ্যে নাজুক হয়ে পড়েছে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা সীমাহীন দুর্ভোগে। কিন্তু বিভিন্ন শিল্প খাত ও ব্যবসায়ীগোষ্ঠীর জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের কোনো সুফল দৃশ্যমান হচ্ছে না। কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কেবল সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সহায়তা কর্মসূচি দিয়ে এ পরিস্থিতি সামলানো যাবে না।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ও করোনা-পরবর্তী সম্ভাব্য দুরবস্থা বা অর্থনৈতিক মন্দা মোকাবেলায় আমাদের দেশে সমন্বিত পদক্ষেপ নেয়া উচিত। যাতে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হয়। অবশ্য এরই মধ্যে নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটি একটি ভালো উদ্যোগ হলেও নিম্ন আয়ের মানুষ সরকারের প্রণোদনা পাবে কিনা, সংশয় রয়েছে। যদি কার্যকর নীতিমালা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হয়, তবেই সবাই উপকৃত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাই এ নীতিমালা প্রণয়নে দুর্ভিক্ষ বা মন্দা মোকাবেলায় বিশিষ্ট অর্থনীতিবিদদের তত্ত্ব-পরামর্শ নেয়া যেতে পারে।
অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এখনই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে বেশকিছু সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরি। সরকারের প্রতিটি মন্ত্রণালয়-দপ্তরের সঙ্গে পরস্পর সমন্বয় থাকা বাঞ্ছনীয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আওতাভুক্ত যেকোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনের মধ্যেও সমন্বয় থাকতে হবে। স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে পালনের শর্তে ধীরে ধীরে উৎপাদনশীল অন্য সব খাত চালু করতে হবে। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা মানুষের মধ্যে যারা করোনা মহামারীর কারণে দরিদ্র মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে, তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে পর্যাপ্ত সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রবাসী শ্রমিকদের রক্ষায় সরকারকে সংশ্লিষ্ট দেশের সঙ্গে জোর আলোচনা চালিয়ে যেতে হবে। যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরির ব্যবস্থা করা এবং সেখানে বৈধভাবে বসবাসকারীদের ফেরত না পাঠানোর জন্য লবিং জোরদার করতে হবে। মনে রাখতে হবে রেমিট্যান্সপ্রবাহের মূল উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। সেখান থেকে বিপুল পরিমাণ শ্রমিক দেশে ফেরত এলে রেমিট্যান্সপ্রবাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, যা আমাদের অর্থনীতিকে পর্যুদস্ত করে ফেলতে পারে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন, যেমন বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের সিদ্ধান্ত এ খাতের কর্মচারীদের চরম দারিদ্র্য থেকে রক্ষা এবং ধীরে ধীরে দারিদ্র্যসীমা অতিক্রমে সহায়তা করবে। তবে গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে হিতে বিপরীত হতে পারে। সরকার ও মালিকপক্ষ যেন তা ভুলে না যায়।
সরকারি ত্রাণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে, দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করতে জাতীয়ভাবে ‘সর্বদলীয় জাতীয় ত্রাণ ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা যায়। কেন্দ্রীয় মনিটরিং সেলের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েও সর্বদলীয় ত্রাণ ব্যবস্থাপনা কমিটিও করা যেতে পারে। বর্তমান করোনাকালে সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্তরা। স্বল্প বেতন ও সঞ্চয় সব শেষ হয়ে যাওয়ার পর অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে অথচ কারো সহায়তা পাচ্ছে না। নিম্নবিত্তরা বিভিন্ন মানুষের কাছ থেকে ত্রাণ পেয়ে থাকে, কিন্তু মধ্যবিত্তরা মান-সম্মানের ভয়ে কারো কাছে হাত পাততে পারে না। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের তালিকা করে রাতের অন্ধকারে তাদের মাঝে সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া যায়। করোনা-পরবর্তী সম্ভাব্য দারিদ্র্য ও অর্থনৈতিক মন্দা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অধ্যাপক ড. এসআর ওসমানীর মন্তব্যটি তাত্পর্যপূর্ণ। তিনি বলেছেন, দারিদ্র্য কতটুকু কমবে বা নিয়ন্ত্রণ হবে সেটি পুরোটাই নির্ভর করছে কত দ্রুত গরিব মানুষের কাছে আয় ট্রান্সফার করতে পারছি তার ওপর। সরকারের ট্রান্সফারটা দ্রুত ও দক্ষতার সঙ্গে করতে হবে। তা না হলে দরিদ্র মানুষের অবস্থায় পরিবর্তন আনা দুরূহ হবে।
করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় অর্থমন্ত্রী সরকারের কর্মপন্থার যে চারটি কৌশলের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো: এক. সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে প্রাধান্য দেয়া; দুই. ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা, যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হয়; তিন. হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনগণকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা। চার. বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি দারিদ্র্য হার হ্রাসে কোনো অবদান রাখে না। এ কর্মসূচির মাধ্যমে সমাজের অতিদরিদ্র, দুস্থ, অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় মানুষদের কোনো রকমে জীবন ধারণের ব্যবস্থা নেয়া হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রতি বছর কিছুসংখ্যক উপকারভোগীর শ্রেণী পরিবর্তন করা যায় কিনা, অর্থাৎ তাদের দারিদ্র্যসীমার নিচে থেকে ওপরে নিয়ে আসা যায় কিনা, এমন কৌশল উদ্ভাবনের বোধহয় সময় এসেছে। এমনটি করা গেলে তা দারিদ্র্য হার হ্রাসে কিছুটা হলেও অবদান রাখবে। দারিদ্র্যের ঊর্ধ্বমুখী হার রোধ ও তা নিম্নমুখী করতে সরকারের উচিত হবে নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা যেসব মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে, তাদের পূর্বাবস্থায় ফিরে যেতে সার্বিক সহায়তা করা। তাই এক্ষণে অবকাঠামো উন্নয়নের চেয়ে মানুষের জীবন রক্ষা এবং দারিদ্র্যের ঊর্ধ্বমুখী হার রোধ ও তা নিম্নমুখী করায় সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। সেজন্য সার্বিক কার্যক্রম গ্রহণ করতে হবে।










