দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। খবর আনাদোলু।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রদেশের বাম শহরের দক্ষিণে প্রায় ১৩৯ কিলোমিটার দূরে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। ২০০৩ সালে কেরমানের বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতেও মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। ২০২২ সালের জুলাই মাসে হরমুজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছিলেন।