তামিলনাড়ুতে নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনো নিশ্চিত করতে পারেননি অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। তবে বর্তমানে তার পাশে রয়েছেন ১১৬ জন বিধায়ক। এ সংকট কাটাতে আজ শনিবার ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) প্রধান থল থিরুমাভালাভানের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। খবর এনডিটিভি।
বিজয়ের দল তামিলগা ভেট্রি কায়াগাম (টিভিকে) সাম্প্রতিক নির্বাচনে ১০৮টি আসনে জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭। সরকার গঠনের জন্য তার আরো দুজন বিধায়কের সমর্থন প্রয়োজন।
গতকাল সন্ধ্যায় মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে। সরকার গঠনের পথে এগোচ্ছেন বিজয়। কিন্তু শেষ মুহূর্তে দুটি ছোট দল—টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ জানিয়েছে, তারা বিজয়ের দল টিভিকেকে সমর্থন দিচ্ছে না।
এ পরিস্থিতিতে সবার নজর গিয়ে পড়েছে ভিসিকের ওপর। দলটির দুজন বিধায়ক আছেন। এ দুইজনের সমর্থন পেলেই বিজয়ের কাছে সরকার গড়ার মতো পর্যাপ্ত সমর্থন চলে আসবে। আজই ভিসিকে তাদের সিদ্ধান্ত জানাবে। তবে শোনা যাচ্ছে, দলটির প্রধান থল থিরুমাবলাভান এখনো ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন।
গত বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দেখা করলেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বিজয়। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, অন্তত ১১৮ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র জমা না দেয়া পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ জানানো হবে না।
বিজয়ের জোটে বর্তমানে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস দুটি মন্ত্রিত্বের শর্ত দিয়েছে। সব মিলিয়ে এভাবে বিজয়ের পক্ষে এখন ১১৬ জন বিধায়ক রয়েছেন।










