ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আগামীকাল (শুক্রবার) এ বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক্সে দেয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’
এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির আলোচিত এ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে তাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে হচ্ছে।
সিজেপির এ নেতা বলছেন, ‘গত কয়েক দিন ধরেই জ্বর ও প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করে ব্যথার ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলাম। আজ যন্তর মন্তরে আমাকে না পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীর সুস্থ করতে কয়েক ঘণ্টা বিশ্রামের জরুরি প্রয়োজন। সন্ধ্যার মধ্যেই আবারও আন্দোলনের মাঠে ফিরে আসব।’










