যুদ্ধ শেষ করতে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন বলে গতকাল জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাবে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে ইরানে ভয়াবহ সামরিক অভিযান অথবা খারাপ চুক্তির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। খবর বিবিসি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে পাকিস্তানের মাধ্যমে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ‘প্রস্তাবের চূড়ান্ত ভাষ্য পাননি’ উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এটা নিয়ে পরে আপনাদের জানাব।
এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, নতুন প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে বলে কল্পনা করতে পারছি না। কারণ গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি (ইরান) যা করেছে, এর জন্য তারা এখনো যথেষ্ট বড় মূল্য দেয়নি।
বিবিসি ফার্সির তথ্যমতে, আইআরজিসিরি পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের হাতে খুব কম সময় রয়েছে। ট্রাম্পকে ভয়াবহ সামরিক অভিযান অথবা একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে।
ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সির মতে, যুক্তরাষ্ট্র তার প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে 'যুদ্ধ শেষ করার' ওপরই মনোযোগ দিতে হবে।










