মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শুক্রবার এ নতুন মূল্য কার্যকর হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭ রুপি ৭৭ পয়সা এবং ডিজেল ৯০ রুপি ৬৭ পয়সায় দাঁড়িয়েছে। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ রুপি ৭৪ পয়সা এবং ডিজেল ৯৫ রুপি ২৫ পয়সায় দাঁড়িয়েছে। দেশটির অন্যান্য শহরভেদে এ দাম বৃদ্ধির পরিমাণ ছিল লিটারপ্রতি ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত।
এদিকে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ রুপি বেড়ে ৭৯ রুপি ৯ পয়সায় বিক্রি হচ্ছে। একদিন আগে মুম্বাইয়েও সিএনজির দাম কেজিপ্রতি ২ রুপি বাড়ানো হয়েছিল। ফলে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে এ জ্বালানির দাম পড়ছে কেজিপ্রতি ৮৪ রুপি।
এর আগে ২০২২ সালের এপ্রিলে জ্বালানির দামে বড় পরিবর্তন আনা হয়েছিল। মাঝে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নামমাত্র ২ রুপি কমানো হলেও দীর্ঘ দুই বছর ধরে দৈনিক মূল্য সমন্বয় বন্ধ রেখেছিল রাষ্ট্রায়ত্ত তিন তেল কোম্পানি। এ দীর্ঘ সময় পর গত মার্চ মাসে প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ানো হয়। তবে সে সময়ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোকসান গুনছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এতদিন জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত ছিল।
জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে পরিবহন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতির তুলনায় খুচরা পর্যায়ে এই দাম বৃদ্ধি কেবল প্রাথমিক লোকসান সামাল দেয়ার একটি চেষ্টা মাত্র। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা বজায় থাকলে ভবিষ্যতে আরো মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে।










