প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত জনতার উদ্দেশে তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানকে না সরালে পরবর্তী দাবি হবে প্রধানমন্ত্রীর পদত্যাগ।
সরকারের সমালোচনা করে দিপকে বলেন, বিক্ষোভ দমন করতে ব্যারিকেড দেয়া এবং মোবাইল জ্যামার বসাতে যে পরিমাণ শ্রম দেয়া হয়েছে, তার অর্ধেকও যদি প্রশ্নফাঁস বন্ধ করতে দেয়া হতো, তবে ২২ জন শিক্ষার্থীর জীবন বাঁচানো যেত।
তিনি আরো বলেন, মোদিজি, আমি আবারো আপনাকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। তা না হলে বিষয়টি শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বিষয়টি আপনার পদত্যাগের দিকেও গড়াবে।
তার মতে, একজন অযোগ্য ও ব্যর্থ মন্ত্রী পদে বহাল থাকতে পারেন না এবং কোটি কোটি ভারতীয় শিক্ষার্থীর জীবনের চেয়ে একজন মন্ত্রীর পদ কখনোই বড় হতে পারে না। যদি কোটি কোটি শিক্ষার্থীর চেয়ে একজন ব্যর্থ ও অযোগ্য মন্ত্রীকে বেশি গুরুত্ব দেয়া হয়, তবে মনে রাখবেন, ভারতের কেউ নির্বাচনে আপনাদের ভোট দেবে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি নজরে আনতে ও একটি টুইট করতে প্রধানমন্ত্রীর ৩৪ দিন সময় লেগেছে; এটি অত্যন্ত লজ্জাজনক যে সরকার এখনও ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করার চেষ্টা করছে।
এদিকে বিজেপি সরকার জানিয়েছে, তারা সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডার মতে, এ আলোচনা কোনো সরকারি কার্যালয়ে হতে হবে। বিপরীতে সিজেপি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা কেবল আন্দোলনস্থল যন্তর মন্তরে অথবা কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ার মতো কোনো নিরপেক্ষ জায়গায়ই হতে পারে।
সিজেপির অভিযোগ, ২০ জুলাই তাদের বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, সরকার অন্তত চারবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তিনি বলেন, আপনারা যেখানে চান আমরা আলোচনা করতে পারি, তা জে পি নড্ডার বাসভবনে হোক কিংবা তার কার্যালয়ে।
তবে জিতেন্দ্র সিংয়ের এ মন্তব্যের জবাবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে উপস্থিত জনতাকে বলেন, সিজেপি কেন্দ্রকে যন্তর মন্তরে এসে কথা বলতে বলেছিল। কিন্তু সরকার সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে।
তিনি আরো বলেন, জিতেন্দ্র সিং টুইট করেছেন, তারা চারবার যোগাযোগ করেছেন এবং সিজেপি যখন ইচ্ছা কথা বলতে পারে। আমরা তাদের যন্তর মন্তরে আসতে বলেছিলাম। তারা মানেনি। তারা আমাদের জে পি নড্ডার বাড়িতে যেতে বলছে।
-হিন্দুস্তান টাইমস










