গাজায় গিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদের মানবিক সহায়তা করতে পোপ লিওকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা। সোমবার (১১ আগস্ট) নিজের ছেলের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এ আহবান জানান। খবর সিএনএন।

দেরি হওয়ার আগেই গাজায় গিয়ে শিশুদের মাঝে আলো ছড়িয়ে দিতে পোপ লিওকে অনুরোধ করে ম্যাডোনা লেখেন, রাজনীতি পরিবর্তন আনতে না পারলেও সচেতনতা পারে। এই আহ্বান জানানোর দিনটি ছিল তার ছেলে রোকোর জন্মদিন।

তিনি জানান, একজন মা হিসেবে তিনি শিশুদের যন্ত্রণা দেখতে পারছেন না। পৃথিবীর সব শিশুই আমাদের সবার সন্তান। তাই তাদের রক্ষার দায়িত্ব আমাদেরই।

এদিকে গত মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকেই গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছেন পোপ লিও। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ইউনিসেফ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৮ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ২৮ শিশু। ইসরায়েলের অবরোধে সহায়তা প্রবেশ বন্ধ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে ‘মানবসৃষ্ট গণ-অনাহার’ বলেছে।

প্যালেস্টাইনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর অপুষ্টিতে ২২২ জন মারা গেছেন। এদের মধ্যে ১০১ জনই ছিল শিশু।

জাতিসংঘ বলছে, এটি আর আসন্ন সংকট নয়, বরং সরাসরি অনাহার। জুলাইয়ে ইসরায়েল একবারই দুইজন গির্জা নেতাকে প্রবেশের অনুমতি দেয়, যখন গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় হামলায় তিনজন নিহত হন।