জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে এটির ভেতর অনেক মানুষ আটকা পড়েছেন। এছাড়া ভূমিকম্পে দেশটির বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। যার মধ্যে চিকিৎসার জন্য ৫০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই এটি তুলে নেয় কর্তৃপক্ষ। খবর ডয়েচে ভেলে।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে বলেছে, মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ৪টা ২৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জাপানের আবহাওয়া সংস্থা। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, কাশিমা টাউনের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।
স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এ দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচকে।
প্রধানমন্ত্রী তাকাচি ক্ষয়ক্ষতি নিয়ে বলেছেন, ‘আমরা আহত ও অবকাঠামো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। যদিও আমাকে ইতিমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিজ, সড়ক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি ভবন ধসে পড়েছে।’










