ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ৯ সদস্য। খবর এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থালাপতি বিজয় নিজ দল টিভিকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে তিনি কংগ্রেসের ৫ জন, ভিদুথালাই চিরুথাইগাল কাটচির (ভিসিকে) ২ জন এবং সিপিআই, সিপিআইএম ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থেকে ২ জন করে বিধায়কের সমর্থনপত্র জমা দেন। যেহেতু বিজয় দুটি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, তাই এ জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০টিতে।
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
এ ম্যাজিক ফিগার অতিক্রম করতে বিজয়ের সময় লেগেছে পাঁচ দিন, রাজ্যপালের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনা। গতকাল শনিবার পর্যন্ত টিভিকের সমর্থন কার্যত ১১৬ তে আটকে ছিল। পরে ভিসিকে ও আইইউএমএলের সমর্থন নিশ্চিত হওয়া দক্ষিণ ভারতের রাজ্যটিতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ তৈরি হয়। একই সঙ্গে এ সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।










