ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আজ বৃহস্পতিবার তার নির্দেশে রাজ্যের সপ্তদশ বিধানসভা ভেঙে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে পদত্যাগ ছাড়াই পদ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত দুদিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।
বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং সদ্য সমাপ্ত নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই লোকভবন থেকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) নং ধারার (বি) উপধারা অনুযায়ী বিধানসভা ভেঙে দেয়ার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পরাজয় স্বীকার করেননি এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে লোকভবনের এ বিজ্ঞপ্তি জারির পর তার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ কার্যত সমাপ্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে জানা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে বিপুল ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে গেছে। নতুন সরকার গঠনের প্রস্তুতি এরমধ্যেই শুরু হয়েছে বলে দাবি করেছে দলীয় সূত্র। আগামী ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।










