যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পুরোপুরি যুদ্ধ বন্ধ করাই এ প্রস্তাবের লক্ষ্য বলে মনে করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছেন। তবে একই সঙ্গে এ প্রস্তাব চুক্তির দিকে যাবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান এখনো ‘যথেষ্ট মূল্য’ দেয়নি।
ইরান তাদের নতুন প্রস্তাবে যে ১৪ দফা রেখেছে, তাতে প্রথমে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করা এবং ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের প্রস্তাবে ইরানকে ঘিরে থাকা মার্কিন বাহিনী প্রত্যাহার, অবরোধ প্রত্যাহার, ইরানের জমাকৃত সম্পদ মুক্ত করা, ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার কথা বলা হয়েছে। তেহরান এ প্রস্তাবে পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনার পরবর্তী ধাপে রাখার প্রস্তাব করেছে।
এ প্রস্তাবের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে তা শিগগিরই পর্যালোচনা করব, কিন্তু কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছর মানবজাতি ও বিশ্বের প্রতি তারা যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য দেয়নি।’ এর আগে এক সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন ইরানে পুনরায় বিমান হামলা শুরু হতে পারে কিনা, তখন তিনি বলেন, ‘আমি এটা কোনো সাংবাদিককে বলতে পারব না। তারা যদি বাড়াবাড়ি করে, যদি কিছু খারাপ করে, তাহলে আমরা দেখব। কিন্তু এটা একটা সম্ভাবনা।’










