চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটকেরও দাবি করেছে দেশটি।

ইরানের সেনাবাহিনীর বিবৃতির বরাতে তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে, এই জেটটি ইরাননির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়েছে। এ ছাড়া গতকাল দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

এই নিয়ে ইসরায়েলি অভিযানের পর ইরান মোট তিনটি এফ-৩৫ ভূপাতিত করল। এর মধ্যে এক পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপর দুজনকে ইরানি বাহিনী আটক করেছে।

শুক্রবার ইসরায়েল রাজধানী তেহরানের আবাসিক ভবনে হামলা চালিয়ে প্রায় ১০০ বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। সেই সঙ্গে দেশটির পারমাণবিক স্থাপনাসমূহ ও বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল লক্ষ্য করে পাঁচটি পৃথক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দখলকৃত অঞ্চলের ১৫০টির বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। এ মুহূর্তে কামিকাজে ড্রোন দিয়ে ইসরায়েলি স্থাপনায় হামলা চলছে। আরো ভারী ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।