ওয়াশিংটন থেকে নতুন করে কোনো আক্রমণ না আসায় উপসাগরীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরান। পরপর দুদিন ইরানের ওপর মার্কিন বাহিনী কোনো বিমান হামলা না চালানোর পর এ সিদ্ধান্ত জানাল দেশটি।
আজ রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, আমাদের রণকৌশল মূলত প্রতিশোধমূলক আক্রমণভিত্তিক ছিল। মার্কিন হামলা বন্ধ থাকায় আমরাও আমাদের পাল্টা সামরিক অভিযান স্থগিত করেছি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা প্রায় দুই সপ্তাহ ধরে তীব্র সংঘর্ষ চলার পর এ নতুন পরিস্থিতি তৈরি হলো।
এর আগে প্রতিদিন মার্কিন হামলার জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলগুলোতে পাল্টা আঘাত হানছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরপর দুই রাত ইরানে নতুন করে কোনো হামলা না চালানোর পর, রোববার মধ্যপ্রাচ্যের কোনো স্থানে ইরানের পক্ষ থেকেও নতুন করে কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি।










