ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের কয়েকদিন পর আজ শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে তার নাম ঘোষণা করা হয়। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলিপ ঘোসণ শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। পরে অমিত শাহ বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

২০২০ সালের ডিসেম্বরে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। একসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন। বিজেপিতে যোগ দেয়ার পর দ্রুতই পশ্চিমবঙ্গে দলটির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণাত্মক রাজনৈতিক প্রচার পরিচালনা করেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন শুভেন্দু। সাম্প্রতিক নির্বাচনে তিনি মমতার ঐতিহ্যবাহী ঘাঁটি ভবানীপুর আসন থেকেও জয় পেয়েছেন। সেখানে তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন।

বিজেপি সূত্রে জানা গেছে, নতুন সরকারে দুইজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। গত দুই দশকে পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদ কার্যত ছিল না। সম্ভাব্য উপমুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ থেকে নির্বাচিত বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল এবং শিলিগুড়ির বিজয়ী প্রার্থী শঙ্কর ঘোষ। কলকাতায় অমিত শাহ পৃথকভাবে অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠকও করেছেন।

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেন্ড গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।