থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী ট্রেন ও পাবলিক বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) ব্যাংককের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী দল ও পুলিশ। খবর রয়টার্স।

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, চলন্ত ট্রেনের সঙ্গে বাসটির প্রচণ্ড জোরে সংঘর্ষ হলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের শিখা দ্রুত পুরো বাসে এবং পরে তা কাছাকাছি থাকা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও একাধিক উদ্ধারকারী দল। বাসের ভেতর এবং দুমড়েমুচড়ে যাওয়া অন্যান্য যানবাহনের ধ্বংসস্তূপ থেকে আহত ও নিহতদের বের করে আনতে তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা জলকামান ব্যবহার করে বাসের ভেতর জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকাটি শীতল করার পাশাপাশি সেখান থেকে জমে থাকা গ্যাস বের করে দেয়ার কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কীভাবে এ সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখতে এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে থাইল্যান্ড পুলিশ।