চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেষ দফার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ শুক্রবার সকালে চীনের নীতি-নির্ধারকদের জন্য বরাদ্দ অত্যন্ত সংরক্ষিত ও গোপনীয় এলাকা ঝংনানহাইয়ে এ দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসি।

বৈঠক শেষে দুই নেতা ঝংনানহাইয়ের একটি কক্ষে সংবাদ সম্মেলনে যোগ দেন। শুরুতে ট্রাম্প জানান, তাদের মধ্যে বাণিজ্য, ইরান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। তারা এমন অনেক জটিল সমস্যার সমাধান করেছেন যা অন্য কারোর পক্ষে করা হয়তো সম্ভব হতো না।

ট্রাম্প বলেন, এটি একটি অবিশ্বাস্য সফর ছিল। আমি মনে করি এর থেকে অনেক অনেক ভালো কিছু হবে। আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি যা উভয় দেশের জন্যই দারুণ।

ট্রাম্প জানান, বৈঠকে ইরান পরিস্থিতি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা চাই না তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক এবং আমরা (হরমুজ) প্রণালি সব সময় উন্মুক্ত দেখতে চাই।

বেইজিং সফরে এসে নিজের ভালো লাগার কথা জানিয়ে শি-কে ধন্যবাদ জানান তিনি। বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর শি যখন যুক্তরাষ্ট্র সফরে যাবেন, তখন তাদের আবারও দেখা হবে।

চীন ভ্রমণে তিনি যেভাবে মুগ্ধ হয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে শি জিনপিংও ঠিক তেমনই অভিভূত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি

এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে, চীন আগামী তিন বছর আমেরিকান কৃষি পণ্য কিনবে। এ নতুন সহযোগিতামূলক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশ 'বোর্ড অব ট্রেড' গঠনের বিষয়ে আলোচনা করছে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানান, বোর্ডটি অগুরুত্বপূর্ণ এবং অকৌশলগত ক্ষেত্রগুলোয় বাণিজ্য পরিচালনা করবে। এছাড়া ওই একই সেক্টরগুলোয় বহির্গামী পুঁজি বা বিনিয়োগ পরিচালনার জন্য একটি 'বোর্ড অব ইনভেস্টমেন্ট' গঠনের বিষয়েও আলোচনা চলছে।