ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, কবি ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’ এখন কেবল সাহিত্যকর্ম নয়, বরং ইরানিদের বাস্তব জীবন ও বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন। তার ভাষ্য, ইরানের বর্তমান ‘সাহসী প্রতিরোধ’ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় আরো সুসংহত ও প্রস্তুত করেছে।
দেশটির জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং কবি ফেরদৌসীর স্মরণে দেয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থানকে ‘পবিত্র প্রতিরক্ষা’ উল্লেখ করে খামেনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, শাহনামাতে বর্ণিত কিংবদন্তি কাহিনিগুলো কেবল গল্প নয়, বরং ইরানি জনগণের বাস্তব জীবন ও বীরত্বের প্রতিচ্ছবি।
তিনি আরো বলেন, ফেরদৌসীর মহাকাব্যে বর্ণিত সাহসী ও কোরআনিক ধারণাগুলো ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক স্তরকে পরিচয় ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ করে।
ইরানের সর্বোচ্চ নেতা এ সময় আগ্রাসীদের ইরানি পুরাণের অশুভ চরিত্র ‘জহহাক’-এর সঙ্গে তুলনা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।
-খবর আল জাজিরা










