একটি তিমি যখন তাকে গিলে ফেলল, প্রথম যে জিনিসটি কায়াক চালক অ্যাড্রিয়ান সিমাঙ্কাস টের পেয়েছিলেন, তা ছিল পিচ্ছিল অনুভূতি।

আমি এক সেকেন্ডের জন্য বুঝতে পারলাম যে, আমি কোনো কিছুর মুখের ভেতরে রয়েছি। হয়তো এটি আমাকে খেয়ে ফেলেছে, এটি হয়তো ওরকা বা কোনো সমুদ্র দানব— ২৩ বছর বয়সী অ্যাড্রিয়ান বিবিসিকে বলেন তার অভিজ্ঞতা।

চিলির পাতাগোনিয়া অঞ্চলে নৌ-ভ্রমণের সময় অ্যাড্রিয়ানকে আচমকা গিলে ফেলে বিশালাকার এক তিমি মাছ। তবে কিছুক্ষণের মধ্যেই আবার তাকে উগড়ে দেয় তিমিটি। ভয়াবহ এ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এড্রিয়ান সিমাঙ্কাস নামে ভেনেজুয়েলার এই যুবক। বাবার সঙ্গে ম্যাগেলান প্রণালীতে কায়াকিং করছিলেন তিনি।

এসময়, আচমকা তার নৌকার পেছনে ধেয়ে আসে বিশালাকৃতির হাম্পব্যাক হোয়েল। বিশাল হা করে গিলে ফেলে নৌকাসুদ্ধ যুবকটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ ঘটনার ভিডিও। তার বাবা ডাল কাছাকাছি অবস্থান থেকেই পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করতে সক্ষম হন।

অ্যাড্রিয়ান বলেন, আমি চোখ বন্ধ করেছিলাম এবং যখন আবার খুললাম বুঝতে পারলাম আমি তিমির মুখের ভেতরে আছি। আমি আমার মুখে একটি পিচ্ছিল অনুভূতি পেলাম— তিনি স্মরণ করে বলেন, চারপাশে শুধু গাঢ় নীল এবং সাদা রঙ দেখতে পাচ্ছিলেন।

তিনি বলেন, আমি ভাবছিলাম যদি এটি আমাকে গিলে ফেলে, তবে আমি কী করতে পারি। কারণ তখন আর আমি নিজেকে রক্ষা করার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না।

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাড্রিয়ান অনুভব করতে লাগলেন যে, তিনি ধীরে ধীরে পানির ওপরের দিকে উঠে আসছেন। অ্যাড্রিয়ান বলেন, আমি একটু ভয় পেয়েছিলাম যে, কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারব, কারণ আমি জানতাম না, কত গভীরে আছি এবং আমার মনে হচ্ছিল, আমি ওপরে আসতে অনেক সময় নিচ্ছি। আমি দুই সেকেন্ডের জন্য ওপরে উঠলাম, এবং অবশেষে যখন আমি পানির ওপর পৌঁছালাম, বুঝতে পারলাম তিমিটি আমাকে পুরোপুরি খায়নি।

নিকটবর্তী কায়াক থেকে অ্যাড্রিয়ানের বাবা ডাল সিমাঙ্কাস অবিশ্বাসের সঙ্গে দেখছিলেন পুরো দৃশ্য। তিনি বলেন, আমি যখন ঘুরে তাকালাম, অ্যাড্রিয়ানকে দেখতে পেলাম না। এক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তারপর দেখি, সে পানির নিচ থেকে উঠে আসছে।

৪৯ বছর বয়সী ডাল বলেন, তারপর আমি একটা বিশাল দেহ দেখলাম, যেটাকে আমি সঙ্গে সঙ্গেই একটি তিমি বলে ধরে নিয়েছিলাম, কারণ এটি ছিল বিশাল।