ইরানের বিরুদ্ধে আবারো বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে তিনি জানিয়েছেন, তেহরান এখনো যথেষ্ট ক্ষয়ক্ষতির (কষ্টের) মুখোমুখি হয়নি।
অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, আমি ভয়াবহ (ব্যাপক) হামলার কথা ভাবছি, যা আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ধরনের সিদ্ধান্তের পরিণাম আছে এ কথা স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বা কোনো সময়সীমা নির্ধারণ করেননি।
ট্রাম্প বলেন, আমি অনুরোধ করলে ইসরায়েল দুই মিনিটের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবে। তবে এর পরই তিনি বলেন, আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই।
ইসরায়েল যদি তাদের সঙ্গে এ হামলায় যোগ দেয় তবে এর পরিণাম কিছুটা ভিন্ন হবে বলেও জানান ট্রাম্প। এর মাধ্যমে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিশোধমূলক হামলার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনা করতে চান, কিন্তু তারা চুক্তি করার জন্য এ মুহূর্তে প্রস্তুত নন।










