ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন থালাপতি বিজয়। তিনি বলেন, আমরা যা দিতে পারব না, তেমন কোনো প্রতিশ্রুতি আমি দেব না। ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।
ক্ষমতার কোনো বিকল্প কেন্দ্র থাকতে দেবেন না জানিয়ে বিজয় বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র উৎস। সরকারের সিদ্ধান্ত গ্রহণে একক নিয়ন্ত্রণ বজায় রাখবেন বলেও জানান।
নিজেকে ‘থাম্বি’ (ছোট ভাই) হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে বা অন্যায় কাজে যুক্ত হয়, তা বরদাশত করা হবে না। আমি কোনো অন্যায় করব না এবং আমার সঙ্গে থাকা অন্যদেরও ভুল করতে দেব না।
সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেয়ার জন্য ডিএমকেসহ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাহুল গান্ধীকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, প্রবীণ চক্রবর্তী, সিপিএম নেতা পি শানমুগম, সু ভেঙ্কটেশন, ভিসিকে নেতা থল থিরুমাবলাভন, রবিকুমার, ভান্নিয়ারাসু এবং সিপিআই নেতা এম বীরপান্ডিয়ানকে ধন্যবাদ জানান।
এদিকে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকেসহ সরকারের মন্ত্রিসভায় আরো ৯ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান এআইএডিএমকে নেতা কে.এ. সেনগোত্তাইয়ান। এছাড়া আদভ অর্জুনা, রাজ মোহন, ড. টি.কে. প্রভু ও এস. কীর্তনাসহ কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
জোটভুক্ত কংগ্রেস, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএমএল নেতারা দফতর বণ্টন শেষে পর্যায়ক্রমে শপথ নিতে পারেন বলে জানা গেছে।
-খবর এনডিটিভি










