ইরানে ইসরায়েলের নতুন হামলায় আরো তিন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর আগে প্রথম দফায় পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলায় দেশটির অন্তত ৬ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর গার্ডিয়ান।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়নের’ শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত ৯ জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইরানি এই ৯ বিজ্ঞানী হলেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।
বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, এই বিজ্ঞানীদের হত্যা ইরান সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে।










