ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে নিজের 'শান্তি উদ্যোগ' হিসেবে তুলে ধরতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) তিনি ইসরায়েল ও মিশর সফর করবেন। খবর আল জাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্পের এ সফরের তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার তিনি ইসরায়েলে ভাষণ দেবেন। পরে মিশরে গিয়ে গাজা শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরের মাধ্যমে ট্রাম্প নিজেকে ‘মধ্যপ্রাচ্যের শান্তির দূত’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে।

গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয় পক্ষ ট্রাম্পের প্রশংসা করেছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ট্রাম্পের উচিৎ, বন্দি বিনিময়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার হামলা শুরু না করার জন্য চাপ দেয়া।

আরব সেন্টার ওয়াশিংটন ডিসির ফিলিস্তিন-ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়্যারের মতে, গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস করেও ইসরায়েল কাঙ্ক্ষিত ফল পায়নি এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই যুদ্ধবিরতি অপরিহার্য ছিল। তিনি বলেন, দুই বছর ধরে এমনই কিছু প্রস্তাব টেবিলে ছিল। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিলেন।