মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন সামরিক উদ্যোগ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ-অভিযানের ঘোষণা দেন, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নেয়া।

ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই এ উদ্যোগ শুরু হবে। তার ভাষ্য অনুযায়ী, এটি একটি মানবিক পদক্ষেপ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ দেশগুলোর জাহাজকে নিরাপদে প্রণালী অতিক্রমে সহায়তা করবে। তবে কোন দেশগুলো এ সহায়তা পাবে বা বাস্তবে অপারেশনটি কীভাবে পরিচালিত হবে—সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার জানায়, তাদের নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সহায়তায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও ঠিক কখন এই পারাপার হয়েছে তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে কোনো জাহাজ পারাপার ঘটেনি। তবে বৈশ্বিক শিপিং কোম্পানি মায়ের্স্ক জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ ‘অ্যালিয়েন্স ফেয়ারফ্যাক্স সোমবার মার্কিন সামরিক সহায়তায় প্রণালী পেরিয়ে উপসাগর ত্যাগ করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, এ সংকটের কোনো সামরিক সমাধান নেই। তার ভাষায়, প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক—অর্থাৎ এটি পরিস্থিতিকে আরও অচলাবস্থার দিকে ঠেলে দেবে।