কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তিনি বলেছেন, আগামী নয় মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। খবর বিবিসি বাংলা।
বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য আজ বুধবার এ তথ্য জানিয়েছেন। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
আগামী ৯ মে বাংলা দিনপঞ্জিকায় পঁচিশ বৈশাখ। এ দিনকেই যে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেয়া হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। এদিকে ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকে সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনা চলছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কখনো ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে। অনেকেই একে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন। তবে ব্রিগেডের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের।










