ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর সিএনএনের।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানীতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দাভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর রয়েছে।
এর আগে ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে বিবিসি ও আল–জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে পৃথক ইসরায়েলি হামলার খবরও জানা যায়। ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে।










