উয়েফা নেশনস লিগের ম্যাচে বেশিরভাগ সময় এগিয়ে থেকেও স্পেনের বিরুদ্ধে জয় আদায় করতে পারেনি জার্মানি। একেবারে শেষ মুহূর্তে জার্মানরা যখন জয় থেকে এক কদম দূরে, তখনই গোল করে ম্যাচ ড্র করে স্প্যানিশরা। ফলে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি শেষ হয় ১-১ এর সমতায়। 

বার্লিনে এদিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে দু দল। তবে সময় গড়ানোর সঙ্গে প্রাণ ফিরতে শুরু করে লড়াইয়ে। বলদখলে  স্পেনের চেয়ে পিছিয়ে থাকলেও, আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল গত আসরে ব্যর্থ জার্মানরা। ১১ মিনিটে ভালো সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি জার্মানরা। তিন মিনিট পর নিরাশ হতে হয় স্পেনকে।  শেষ পর্যন্ত প্রথমার্ধে গোলের খোঁজ পায়নি কোন দল।

বিরতির পর গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ম্যাচের ৫১ মিনিটে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে জার্মানদের এগিয়ে দেন টিমো ওয়ার্নার। এরপর ম্যাচে গোল আদায়ের সুযোগ পেয়েছিল দু দলই। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়, তখনই কপাল খোলে স্পেনের। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হোসে লুইস গায়ার গোলে ম্যাচ ড্র করে অতিথিরা। একই গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। 

সূত্র: বিবিসি