ত্রয়োদশ
ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত
প্রচেষ্টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬
রান তুলতে সমর্থ হয় টাইগাররা।
মিডল
অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ৭৯ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে
বাংলাদেশকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন। এছাড়া নাজমুল হোসেন
শান্ত ৪৫, লিটন দাস ৩৬, তানজিদ হাসান তামিম ৩৬, মাহমুদউল্লাহ ৩২, মেহেদী হাসান মিরাজ
২৯ ও মুশফিকুর রহিম ২১ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও শন অ্যাবোট দুটি
করে উইকেট নেন।
তানজিদ
হাসান (৩৪ বলে ৩৬) ও লিটন (৪৫ বলে ৩৬) উদ্বোধনী জুটিতে ১১.২ ওভারে দলকে ৭৬ রান
তুলে দেন। দুজনই ৩৬ রান করে আউট হয়ে যান। এরপর অধিনায়ক শান্ত ও হৃদয় ৬৩ রানের
জুটিতে দলের সংগ্রহ ১৭০ পর্যন্ত নিয়ে বিচ্ছিন্ন হন। শান্ত ৫৭ বলে ৪৫ রান করে
রানআউটের শিকার হন।
চতুর্থ
উইকেটে মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয় দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে ৪৪ রান যোগ করেন।
মাহমুদউল্লাহ রিয়াদ মারমুখী ব্যাটিংয়ে ২৮ বলে ৩২ রান করে রানআউট হয়ে যান। এরপর
মুশফিককে নিয়ে ৩৭ ও মিরাজকে নিয়ে ৩৫ রানের দুটি জুটি গড়ে দলের সংগ্রহ ২৮৬ রানে
নিয়ে আউট হয়ে যান তাওহিদ। পরবর্তীতে মিরাজ ও নাসুম আহমেদের (৭) চেষ্টায় দল তিনশ
পেরোয়।
আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে এসে জিতেছে
অজিরা। ২০১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন
ম্যাক্সওয়েল। আজ বাংলাদেশ ম্যাচে সেমিফাইনালের প্রস্তুতি সারবে প্যাট কামিন্সের
দল।
বাংলাদেশের লক্ষ্য ভিন্ন। বিশ্বকাপে সেমিতে খেলার আশা আগেই শেষ হয়ে
গেছে। তবে বিশ্বকাপ থেকে পাওয়ার সবকিছু শেষ হয়ে যায়নি এখনো। আজ জিতলে ২০২৫ সালের
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ মুহূর্তে ৮
ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে টাইগাররা (নিট রানরেট -১.১৪২)। তাদের
নিচে আছে শ্রীলংকা (৯ ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানরেট -১.৪১৯) ও নেদারল্যান্ডস (৮
ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানেরেট -১.৬৩৫)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে ইংল্যান্ডকে (৪ পয়েন্ট) টপকে টেবিলের
সাতে উঠে যাবে বাংলাদেশ। আজ কলকাতায় দিনের আরেক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে
ইংলিশরা।










