সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব আল হাসান। এতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে তার। আগামী শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাই খেলতে পারবেন না বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ স্কোয়াডে তার জায়গায় আইসিসির অনুমোদন সাপেক্ষে যুক্ত হচ্ছেন এনামুল হক বিজয়।  

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের খবর জানায়। পরে সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে এনামুলকে অনুমোদন দেয়ার বিষয়টি জানায়।

 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি এই অনুমোদন দিয়েছে। কমিটিতে আছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, আইসিসির ইভেন্ট হেড ক্রিস টেটলি, বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সিইও হেমাং আমিন, বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) গৌরব সাক্সেনা, নিরপেক্ষ প্রতিনিধি রাসেল আর্নল্ড ও নিরপেক্ষ প্রতিনিধি প্রতিনিধি সাইমন ডোল।

 

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

 

দিল্লিতে শ্রীলংকা আগে ব্যাটিং করে ২৭৯ রানে অলআউট হয়। সাকিব নেন দুই উইকেট। পরে বাংলাদেশ ৩ উইকেটের জয় তুলে নেয়। নাজমুল হোসেন শান্ত ও সাকিব মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৬৯ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। এ পথে সাকিব খেলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। ব্যাটিংয়ের সময়ই চোট পান সাকিব। ম্যাচে ব্যাট-বলে অবদান রেখে সেরা খেলোয়াড় হন বাংলাদেশ দলনায়ক।

 

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘ইনিংসের শুরুর দিকে সাকিবের বাম হাতের তর্জনীতে বল লাগে। তবে ব্যথানাশক ওষুধ নিয়ে ও সহায়ক টেপ পেচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তার ওই আঙুলের কড়ির মাঝে চিড় ধরা পড়ে। এখান থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য তিনি আজই বাংলাদেশের জন্য রওনা হবেন।’