ভারত ও শ্রীলংকার মাটিতে ত্রয়োদশ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে মঙ্গলবার। শীর্ষ বাছাই ও রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারো ফেভারিট হিসেবে নামছে। শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ভারতও, যারা দুইবারের রানার্সআপ।
মঙ্গলবার গোয়াহাটিতে ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আট দলের ওয়ানডে বিশ্বকাপ আসরের। ৩১ ম্যাচের এ আসরের ফাইনাল ২ নভেম্বর নাভি মুম্বাই কিংবা কলম্বোয়।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকা। আটটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। বাংলাদেশের মেয়েরা ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে খেলবে। এরপর বাকি সব ম্যাচ ভারতে। ৭ অক্টোবর ইংল্যান্ড, ১১ অক্টোবর নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলংকা, ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল।
এর আগে ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেও শিরোপা জিততে ব্যর্থ হয় ভারত। চতুর্থবারের মতো স্বাগতিক হয়ে এবার কি সফলতা পাবে হারমানপ্রিত কাউরের দল? স্বাগতিক হিসেবে তাদের সেরা পারফরম্যান্স সেমিফাইনাল। ১৯৯৭ সালের আসরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।
ওয়ানডে বিশ্বকাপে দুবার ফাইনাল খেলেছে ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ও ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারতের মেয়েরা। ভারতকে এবার আশাবাদী করছে স্মৃতি মান্ধানার ফর্ম। ২০২২ সালে নিউজিল্যান্ডে পঞ্চম হয় ভারত। সেই থেকে ২ হাজার ১০০ রান করেছেন ৫৮.৩৩ গড়ে। এ সময় তিনি সেঞ্চুরি করেছেন আটটি। মান্ধানা বলেন, ‘আমি মনে করি, নিজেদের চেষ্টায় এখন আমাদের বিশ্বাসের জায়গায় অনেক পরিবর্তন এসেছে। এ দলের প্রত্যেকেরই বিশ্বাস রয়েছে যে আমরা জিততে পারি। ২০১৩ সালের পর ভারতের নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। আমরা এ টুর্নামেন্টের অপেক্ষায় রয়েছি।’ এছাড়া ভারতের শক্তির জায়গা স্পিন। দীপ্তি শর্মা, স্নেহ রানা ও রাধা যাদব ভারতকে ম্যাচ জেতাতে সক্ষম।
আগের ১২ আসরে নয়বারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে সাতবার শিরোপা উৎসব করে তারা। অস্ট্রেলিয়াকে এবার বাড়তি উদ্দীপনা জোগাচ্ছেন অধিনায়ক অ্যালিসা হিলি, বেথ মুনি, এলিস পেরি ও মেগান শুট। সম্ভবত এটাই তাদের শেষ বিশ্বকাপ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে এসে আলো ছড়াতে তৈরি সোফি মলিনিউক্স, জর্জিয়া ওয়্যারহ্যাম, কিম গার্থ, ফোবে লিচফিল্ড ও জর্জিয়া ভল।
অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ে গড়া স্কোয়াড নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। তবে উপমহাদেশের কন্ডিশনে স্পিনের সামনে চ্যালেঞ্জের মুখে পড়বেন, সেটা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘এ বিশ্বকাপে আমরা অনেক বেশি স্পিনের মুখোমুখি হতে যাচ্ছি, বিশেষ করে মাঝের ওভারগুলোয়।’
আসরের ৩১ ম্যাচ হবে ভারতের চারটি ও শ্রীলংকার একটি ভেন্যুতে। পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোয়। ৫ অক্টোবর তারা কলম্বোয় ভারতের মুখোমুখি হবে।










