এর মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে উত্তর কোরিয়া ৯, চীন ১৭ ও উজবেকিস্তান ৪৯ নম্বরে। বাংলাদেশ দাঁড়িয়ে আছে ১১২ নম্বরে।

শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা এ তিন দলের গ্রুপে তৃতীয় হয়ে শেষ আটে ওঠার স্বপ্ন দেখাও কঠিন। তবু স্বপ্ন দেখা যে থেমে নেই। সুযোগ রয়েছে তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয়ার। শুক্রবার এ অঞ্চলের পরাশক্তি উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলের বড় ব্যবধানে হেরে আফঈদাদের সেই স্বপ্ন অনেকটা ফিকে হয়ে যায়। সোমবার উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে চীনের কাছে ০-২ গোলে হারলেও প্রশংসা কুড়ায় বাংলাদেশের মেয়েরা। সেই মাঠে শুক্রবার দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫ গোল হজম করে লাল-সবুজরা। দুই ম্যাচ মিলিয়ে মোট ৭ গোল হজম করে আফঈদা খন্দকারের দল। তাতে তৃতীয় স্থানধারী দলগুলোর র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

১২ দলের এ আসরে সরাসরি শেষ আটে ওঠার রেসে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান ও চাইনিজ তাইপে। এছাড়া, ‘সেরা তৃতীয়’ দলগুলোর তালিকায় এ মুহূর্তে শীর্ষে আছে ভিয়েতনাম, যারা ভারতকে ২-১ গোলে হারিয়েছে। এরপর ফিলিপাইন, যারা ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে ও দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে। দুই ম্যাচ মিলিয়ে তাদের গোল ব্যবধান মাইনাস (-) ৪। তিনে উজবেকিস্তান, যারা উত্তর কোরিয়া ও চীনের কাছে দুই ম্যাচেই ৩-০-তে হেরেছে। তাদের গোল ব্যবধান মাইনাস (-) ৬। এরপর ভারত ও বাংলাদেশ। ভারতের গোল ব্যবধান মাইনাস (-) ১, বাংলাদেশের মাইনাস (-৭)।

‘এ’ গ্রুপের চতুর্থ স্থানধারী ইরান দুই ম্যাচে ৭ গোল হজম করেছে। ‘সি’ গ্রুপে তিনে থাকা ভিয়েতনাম ও চারে থাকা ভারত উভয়ই আছে কোয়ার্টার ফাইনালে ওঠার রেসে।

উত্তর কোরিয়ার কাছে হারের পর বাংলাদেশ দলনায়ক আফঈদা খন্দকার বলেছেন, তাদের ভাবনায় এখন উজবেকিস্তান ম্যাচ। তিনি বলেন, ‘উজবেকিস্তান ম্যাচ এখনো আছে। এখনো আশা করি ভালো কিছু করতে পারব, পরের রাউন্ডে যেতে পারব।’ মিডফিল্ডার স্বপ্না রানী বলেছেন, ‘আজকের ম্যাচ নিয়ে ভিডিও বিশ্লেষণ করব আমরা। হারানোর কিছু ছিল না আমাদের। তারা অনেক ভালো দল। আমরা চেষ্টা চালিয়ে গেছি। উজবেকিস্তানের সঙ্গে ভালো কিছু করার চেষ্টা থাকবে। আমরা চাইব সেভাবেই প্রস্তুতি নিতে।’