এ তথ্য নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। মেসির দলের প্রতিপক্ষ হবে পশ্চিমাঞ্চলের শক্তিশালী দল লস অ্যাঞ্জেলেস এফসি। সেই দলে আছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
মাশ্চেরানোর ভাষায়, ‘মেসি পুরো সপ্তাহ দলের অনুশীলনে সমানতালে কাজ করেছে। তার শারীরিক অবস্থাও ভালো, সে ভালো বোধ করছে। প্রস্তুতি একদম ঠিকঠাক আছে।’
৭ ফেব্রুয়ারির প্রাক-মৌসুমের ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর মেসির সিজন ওপেনারে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই ম্যাচে ৫৮ মিনিটের মাথায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে সেই শঙ্কা এখন কেটে গেছে। ইনজুরির পর কয়েকদিনের বিশ্রাম শেষে তিনি নিয়মিত স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।
মাশ্চেরানো আরো জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করা স্কোয়াডের সব খেলোয়াড়ই ম্যাচের জন্য প্রস্তুত। মেসির ফেরার পাশাপাশি ইন্টার মায়ামি শিবিরে যোগ হয়েছে নতুন শক্তি। নতুন সাইনিং জার্মান বেরতেরামে ও স্থায়ী চুক্তিতে আসা তাদেও আলেন্দেকে পাওয়া যাবে এ ম্যাচে। নতুন স্ট্রাইকার বেরতেরামে ওয়ার্ক ভিসা পাওয়ায় লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই তাকে পাচ্ছে ‘দ্য হেরনস’রা।
বেরতেরামেকে না পাওয়া গেলে ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজকে শুরুর একাদশে ফেরাতেই হতো। সুয়ারেজ গত বছরের প্লে অফে মূলত বদলি হিসেবে খেলেছিলেন। এছাড়া গত মৌসুমের মতো মেসিকে ৪-৩-৩ ফরমেশনের একদম সামনে খেলানোর বিকল্পও ছিল কোচের হাতে।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেস এফসির কোরীয় তারকা সন হিউং-মিন প্রাক-মৌসুম প্রস্তুতিতে চোটের কারণে খেলতে না পারলেও মঙ্গলবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন। হন্ডুরাসের ক্লাব রিয়াল এসপানার বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয়ে ৬১ মিনিটের উপস্থিতিতেই তিনি এক গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন। সনের পাস থেকে হ্যাটট্রিক করে বড় জয় নিশ্চিত করেছেন ডেনিস বুয়াঙ্গা। এই বড় জয়ের ফলে ম্যানেজার মার্ক ডস সান্তোস এখন নির্ভার হয়ে ইন্টার মায়ামির বিপক্ষে তার সেরা একাদশকে আরো বেশি সময় খেলানোর সুযোগ পাচ্ছেন।
এলএএফসির বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মায়ামি কোচ। তার মতে, দুই দলের মান, অভিজ্ঞতা এবং লিগে অবস্থান বিবেচনায় ম্যাচটি সমশক্তির দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। মাশ্চেরানোর মন্তব্য, ‘আমরা বল দখলে রেখে খেলতে চাই। এলএএফসিকে দ্রুত ট্রানজিশনের সুযোগ দিলে বিপদ হতে পারে।’
২০২৫ এমএলএস কাপ জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ মৌসুমে প্রবেশ করছে ইন্টার মায়ামি। পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, লিগস কাপ ও কামপেয়োনেস কাপেও খেলবে দলটি। নতুন মৌসুমের প্রথম চ্যালেঞ্জে এখন পুরো ফিট লিওনেল মেসিকে পাওয়া তাদের জন্য বিশাল স্বস্তির খবর।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি গত মৌসুমে ৪৯ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ২৮ গোলে। এর মধ্যে লিগে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল আর ১৯টি অ্যাসিস্ট। বিশ্বকাপের বছর বলে মেসিকে আরো উজ্জীবিত দেখা যাবে এবার। এমএলএস লিগের ইতিহাসে টানা দুবার সবচেয়ে দামি খেলোয়াড় (এমভিডি) হয়েছেন মেসি। এবার কি ‘হ্যাটট্রিক’ করতে পারবেন আর্জেন্টাইন বিশ্বকাপ ও কোপাজয়ী এ মহাতারকা?










