বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে আরো দুই বছর থাকছেন জেমি ডে। এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়নের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কোচ হিসেবে জেমির আরো দুই বছর থাকা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েই ছিল। বাকি ছিল শুধু চুক্তির আনুষ্ঠানিকতা। আজ সেই আনুষ্ঠানিকতাও সেরে নিল বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ গভর্নিং বডি।
বাফুফের সঙ্গে জেমির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৪ আগস্ট। নিয়ম অনুযায়ী চুক্তি শেষ হওয়ার আগের বছরই তা নবায়ন করে নিতে হয়। তার ক্ষেত্রে এটি হলো দুই মাস বাকি থাকতে। চুক্তি করায় ২০২২ সালের ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ দলের কোচ থাকছেন এ ইংলিশ নাগরিক।
২০১৮ সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নেন জেমি। ২০১৯ সালে এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এবার মেয়াদ বাড়ল দুই বছর।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এ বছরের শেষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ৮ অক্টোবর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে, ১৩ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে, ১২ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ও ১৭ নভেম্বর ঢাকায় ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এ ম্যাচগুলোতে জেমিই থাকছেন বাংলাদেশ দলের ডাগআউটে।










