নয়া দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ সোমবার মুখোমুখি বাংলাদেশ ও
শ্রীলংকা। এই ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ
দলনায়ক সাকিব আল হাসান।
রাতের শিশিরে বল করা কঠিন হবে বলে মনে করেন সাকিব। চলতি বিশ্বকাপে আজই
প্রথমবার সুযোগ পেলেন পেসার তানজিম হাসান সাকিব। মুস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন
তিনি।
শ্রীলংকা দলে দুটি পরিবর্তন। দিমুথ করুনারত্নে ও দুশান হেমন্তার
জায়গা নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।
সাত ম্যাচের ছয়টিতে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সেমিতে
ওঠার ক্ষেত্রে এই ম্যাচটি বাংলাদেশের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। তবে ২০২৫ সালের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ হতে পরের দুটি ম্যাচ জিতবে হবে সাকিবদের। আসরের শীর্ষ
সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান খেলবে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একই কারণে
ম্যাচটি শ্রীলংকার জন্যও গুরুত্বপূর্ণ, যারা দুটি জয় নিয়ে টেবিলের সাতে অবস্থান
করছে এবং এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচে হেরেছে
বাংলাদেশ। টেবিলে বাংলাদেশের নিচে আছে কেবল ইংল্যান্ড। তাদের কাছেও হেরেছে
বাংলাদেশ। ২০২১ সালের শুরু থেকে টাইগাররা ৩৯টি ওয়ানডে খেলে ২৪টি জয় পায় (প্রায় ৬১
শতাংশ)। ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে কোয়ালিফাই করা
টাইগারদের জন্য এই বিশ্বকাপের ফল বড় এক বিপর্যয়।
শ্রীলংকা দলও বিপর্যস্ত। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে
অলআউট হয়ে ৩০২ রানে হেরেছে কুশল মেন্ডিসের দল।
বিশ্বকাপে দুই দলের চার ম্যাচের মধ্যে তিনটিতে বড় ব্যবধানে জিতেছে
শ্রীলংকা, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এছাড়া ৫৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে
বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ৯টি, লংকানদের জয় ৪২টি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত,
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়,
তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা,
কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো
ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, মহিশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান
মাদুশঙ্কা।










