ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ৩৫তম জন্মদিনও রাঙালেন তিনি। আজ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৪৯তম ওভারে কাগিসো রাবাদার বলকে কভার অঞ্চলে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তার সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলেছে ভারত। কোহলি ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকে। তিনি ইনিংসটি সাজান ১০ বাউন্ডারিতে। এছাড়া শ্রেয়াস আইয়ার ৮৭ বলে ৭৭ রান করেন।

১৯৮৯ থেকে ২০১২ পর্যন্ত ৪৬৩ ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেন টেন্ডুলকার। কোহলি মাত্র ২৮৯ ম্যাচেই তাকে ধরে ফেললেন। টেন্ডুলকার ৪৯তম সেঞ্চুরি করেছিলেন ৪৫১তম ইনিংসে, কোহলি তা করলেন মাত্র ২৭৭ ইনিংসে। ৩১টি সেঞ্চুরি করে সর্বকালের তালিকায় তিনে রয়েছেন ভারতীয় দলনায়ক রোহিত শর্মা।

চলতি বিশ্বকাপ একাধিকবার শচীনকে স্পর্শ করার কাছাকাছি গিয়েও ব্যর্থ হচ্ছিলেন কোহলি। পুনেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা এই খেলোয়াড়টি তিন ম্যাচে যথাক্রমে ৯৫, ৮৮ ও ৮৫ রানে আউট হয়েছেন। অবশেষে আজ তিনি ৪৯তম সেঞ্চুরির দেখা পেলেন।

চলতি বিশ্বকাপে এটা কোহলির দ্বিতীয় ও সব মিলে বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি। যেখানে সাতটি সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে রোহিত শর্মা। চলতি আসরে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে ৫৪২ রান করে চার্টে দুইয়ে কোহলি। শনিবার তাকে টপকে রানচার্টে দুইয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (৫২৩)। একদিন পরই তাকে হটিয়ে ফের দুইয়ে উঠলেন ভারতের ব্যাটিং সুপারস্টার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৫৪৫ রান নিয়ে শীর্ষে।

টেবিলের এক ও দুইয়ের এই লড়াইয়ে আজ প্রোটিয়ারা দুই স্পিনারকে দলভুক্ত করেছে। কেশব মহারাজের সঙ্গে হাত ঘুরান তাবরাইজ শামসি। ইন-ফর্ম পেসার জেরাল্ড কোয়েৎজির জায়গায় এসেছেন শামসি। মহারাজ ১০ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নিলেও ব্যর্থ শামসি। তিনি ৭২ রান দিয়ে নেন একটি উইকেট। পেসারদের মধ্যে রাবাদা (১/৪৮) ভালো করলেও মার্কো ইয়ানসেন (১/৯৪) ও লুঙ্গি এনগিডির (১/৬৩) ওপর দিয়ে ঝড় গেছে।  

চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তারা রয়েছে এক নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে প্রোটিয়ারা, সেসঙ্গে শ্রেয়তর নিট রানরেট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানও দখল করবে। আর ভারত চাইবে জয়রথেই থাকতে।