ম্যানচেস্টারে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রানের সৌধ গড়ে ১৪৬ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। এটা ইংল্যান্ডের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর ও সব মিলিয়ে ছেলেদের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। তাদের উপরে আছে শুধু জিম্বাবুয়ে ও নেপাল। অবশ্য সেই দুটি স্কোর হয়েছিল দুর্বল দলের বিপক্ষে। দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ইংল্যান্ডের ৩০৪ রানই এখন সর্বোচ্চ। ২০২৪ সালে নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান তুলে ইতিহাস গড়েছিল জিম্বাবুয়ে। তার আগের বছর হাংঝুতে এশিয়ান গেমসের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রানের সৌধ গড়েছিল নেপাল।
ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ স্কোরটা ভারতের দল বরোদার গড়া। ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই রান তুলেছিল তারা।
ফিল সল্ট ৬০ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জস বাটলার ৩০ বলে ৮৩, অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বলে ৪১ ও জ্যাকব বেথেল ১৪ বলে ২৬ রান করেন। সল্টের ১৪১ রান ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। তিনি ভেঙে দিয়েছেন নিজের গড়া আগের ১১৯ রানের রেকর্ড। ছেলেদের টি-টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৪১। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস খেলেছেন সাবেক অজি ব্যাটার অ্যারন ফিঞ্চ। এছাড়া হজরতউল্লাহ জাজাই ১৬২, ফিঞ্চ ১৫৬ রানের ইনিংস খেলেছেন।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বাউন্ডারি থেকে তুলেছেন ২২৮ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। গাম্বিয়ার বিপক্ষে নিজেদের রেকর্ড ইনিংসে বাউন্ডারি থেকে জিম্বাবুয়ে করেছিল ২৮২ রান, আর গত বছর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ভারত করেছিল ২৩২ রান। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৩০টি চার মেরেছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। সব মিলিয়ে সল্ট-বাটলাররা মেরেছেন ৪৮টি বাউন্ডারি (৩০ চার ও ১৮ ছক্কা), যা সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি বাউন্ডারি আছে শুধু জিম্বাবুয়ের ৫৭ (৩০ চার ও ২৭ ছক্কা)।
ম্যানচেস্টারে দুই দল মিলিয়ে করেছে ৪৬২ রান, যা ইংল্যান্ডের মাটিতে কোনো টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সব মিলিয়ে অষ্টম সর্বোচ্চ। ৩৯ বলে সল্টের সেঞ্চুরি ইংল্যান্ডের ইতিহাসে দ্রুততম। এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল লিয়াম লিভিংস্টোনের। তিনি ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করেন। রান খরচের লজ্জার রেকর্ড গড়েছেন কাগিসো রাবাদা। তিনি ৪ ওভারে ৭০ রান দিয়েছেন, যা দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতা এনেছে ইংল্যান্ড। আজ নটিংহ্যামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।










