অনিবার্য
কারণ দেখিয়ে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (এসএলসি)। এসএলসি প্রশাসনে সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপের
কারণেই আইসিসি সংস্থাটির সদস্যপদ স্থগিত করেছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
আইসিসি
আজ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘আইসিসি বোর্ড আজ এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত
নিয়েছে যে, শ্রীলংকা ক্রিকেট আইসিসির একটি সদস্য হিসেবে বিধিনিষেধ লঙ্ঘন করেছে। স্বাধীনভাবে
কার্যক্রম পরিচালনা করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপমুক্ত থাকার প্রয়োজন
ছিল।’ আইসিসি জানায়, এসএলসির ওপর স্থগিতাদেশের ধরণ কেমন হবে, তা আইসিসি বোর্ড
শিগগিরই জানিয়ে দেবে।
চলতি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায়, বিশেষ
করে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বীপদেশে
সমালোচনার ঝড় ওঠে। তখন ক্রিকেট বোর্ডের সবাইকে পদত্যাগের আহ্বান জানান
ক্রীড়ামন্ত্রী। বোর্ড সচিব ছাড়া বাকিরা পদত্যাগ না করায় ক্রীড়ামন্ত্রী পুরো
বোর্ডকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেন। যদিও পরে হাইকোর্ট সেই
আদেশ বাতিল করেছেন। এরপরও আইসিসি এসএলসির বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ করায় সংস্থাটিকে
বরখাস্ত করল।










